সিলেট :
সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং পুশ-ইনসহ আন্তঃরাষ্ট্রীয় অপরাধ প্রতিরোধে সিলেটের জকিগঞ্জে উপজেলা প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীন উত্তরকুল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানটি সীমান্ত পিলার ১৩৫৩/১৬-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ। বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সহকারী পরিচালক এ কে এম নুরুজ্জামান তরফদার। এ ছাড়া বিজিবির অন্যান্য সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৮০ থেকে ৯০ জন স্থানীয় বাসিন্দা সভায় অংশ নেন।
সভায় সীমান্ত এলাকায় সংঘটিত চোরাচালান, মাদক পাচার, মানবপাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং পুশ-ইনসহ বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় অপরাধ প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসব অপরাধের ক্ষতিকর প্রভাব ও আইনগত পরিণতি সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করা হয়। পাশাপাশি দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষের দায়িত্ব ও করণীয় তুলে ধরা হয়।
সভায় সীমান্ত এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাচল, অপরাধমূলক কর্মকাণ্ড এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে চোরাচালান, মানবপাচারসহ কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানানো হয়।
এ ছাড়া এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্র সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত বিজিবি, পুলিশ অথবা সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা সীমান্ত অপরাধ প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সীমান্ত এলাকায় অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়বে এবং বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।