জকিগঞ্জ (সিলেট): প্রতিনিধি
সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে একের পর এক বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, মসজিদ ও কবরস্থান। নদীভাঙনে বাংলাদেশের সীমান্তবর্তী ভূখণ্ডের অংশ নদীর ওপারে চলে যাওয়ার আশঙ্কাও বাড়ছে। স্থানীয়দের দাবি, এভাবে ভাঙন অব্যাহত থাকলে শুধু মানুষের ঘরবাড়ি ও জীবিকা নয়, দেশের ভূখণ্ডের সুরক্ষাও হুমকির মুখে পড়বে।
সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে জকিগঞ্জ সদর ইউনিয়নের ভাখরশাল এলাকায়। মাত্র তিন মাস আগে ভাঙন প্রতিরোধে কাজ করা হলেও নতুন করে শুরু হয়েছে নদীভাঙন। প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে দেখা দিয়েছে বড় বড় ফাটল। কোথাও কোথাও বসতঘরের ভেতরেও ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আগামী বর্ষা মৌসুমে বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হতে পারে।
সম্প্রতি জকিগঞ্জের বাখরশাল এলাকায় প্রায় ৩০০ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হওয়ার খবরও প্রকাশিত হয়েছে। সংস্কারকাজ চলাকালে বস্তা ও কাঠের বল্লীসহ নির্মাণসামগ্রী নদীতে তলিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এতে এলাকাটির ভাঙন পরিস্থিতির ভয়াবহতা নতুন করে সামনে এসেছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কুশিয়ারা নদীর ভাঙনে বাংলাদেশের সীমানার ভেতরের প্রায় আধা কিলোমিটার ভূখণ্ড নদীর ওপারে চলে গেছে। ইতিমধ্যে অনেকের বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। হারিয়ে গেছে মসজিদ ও কবরস্থানও। ভিটেমাটি হারিয়ে কেউ কেউ রাস্তার পাশে ঘর তুলে বসবাস করছেন। আবার অনেকের বসতঘর এখন ভাঙনের ঝুঁকিতে। প্রতিদিন নদীর দিকে তাকিয়ে আতঙ্কে দিন কাটছে তাঁদের।
জকিগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় বাসিন্দা আব্দুস শহীদ চুনু বলেন, প্রতিবছর বর্ষা মৌসুম এলেই পানি উন্নয়ন বোর্ডের তৎপরতা শুরু হয়। ভাঙন প্রতিরোধে প্রাথমিক কাজ করা হয় এবং পরবর্তী সময়ে বড় প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। উচ্চপদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরাও এলাকা পরিদর্শন করেন। কিন্তু দীর্ঘদিন ধরে আশ্বাসই শুনে আসছেন তাঁরা। বাস্তবে একের পর এক মানুষের ঘরবাড়ি ও জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।
তিনি বলেন, ইয়াছিন আলী, লালু মিয়া, রাসু মিয়া, মনির উদ্দিন, পিয়ারা বেগম, খাতুন বেগম ও সুফেলসহ অনেকেই নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারও বসতভিটা পুরোপুরি বিলীন হয়েছে, আবার কারও ঘরের ভেতরেও ফাটল দেখা দিয়েছে। অনেকের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। বাধ্য হয়ে কেউ কেউ রাস্তার পাশে ঘর তুলে মানবেতর জীবন যাপন করছেন। স্থায়ীভাবে ভাঙন ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকায় ব্লক দিয়ে প্রতিরক্ষা বাঁধ নির্মাণের বিকল্প নেই বলে মনে করেন তিনি। এ জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় বাসিন্দা রুমেল আহমদ বলেন, ছোটবেলায় তাঁদের বাড়ি থেকে চলাচলের সড়কের দূরত্ব ছিল প্রায় ৫০০ ফুট। সময়ের সঙ্গে নদীভাঙনে সেই দূরত্ব কমে এসেছে। ইতিমধ্যে মসজিদ ও কবরস্থান নদীগর্ভে বিলীন হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মনোনীত ঠিকাদারের মাধ্যমে মাঝেমধ্যে কাজ হলেও স্থায়ী কোনো সুফল পাওয়া যাচ্ছে না। কাজের নামে অর্থ ব্যয় হলেও মানুষের দুর্ভোগ কমছে না বলেও অভিযোগ করেন তিনি।
জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ বলেন, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সামান্য মাটি ফেলে বাঁধ মেরামতের নামে দীর্ঘদিন ধরে কাজ করা হচ্ছে। কিন্তু এতে ভাঙন ঠেকানো সম্ভব হচ্ছে না। গত বছর সুফলের বাড়ির পাশে প্রায় ১০০ ফুট এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিলে তিনি ব্যক্তিগত উদ্যোগে বাঁধ নির্মাণ করে স্থানীয় বাসিন্দাদের রক্ষার চেষ্টা করেন।
তিনি আরও বলেন, এ বছর প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ফাটল দেখা দিয়েছে। সময়মতো প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া না হলে আগামী বর্ষা মৌসুমে কয়েকটি এলাকার মানুষ বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। সংসদ সদস্য বাঁধ পরিদর্শন করলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি নেই। বিভিন্ন সময়ে এসব এলাকায় কাজ করা হয়েছে এবং প্রকল্পের প্রাক্কলনও তৈরি হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে সেসব কাজ বাস্তবায়িত হয়নি।
চেয়ারম্যানের মতে, মাটি ফেলে সাময়িক মেরামত করে এ ভাঙন ঠেকানো সম্ভব নয়। ঝুঁকিপূর্ণ এলাকায় ব্লক স্থাপন করে টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করতে হবে। আগামী বর্ষা মৌসুমের আগেই কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে মানুষের বসতভিটা রক্ষার পাশাপাশি বাংলাদেশের ভূখণ্ড সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষা এলেই ভাঙন প্রতিরোধে নানা তৎপরতা দেখা যায়। কিন্তু বর্ষা শেষ হলে থেমে যায় কার্যক্রম। সাময়িক মেরামতের পর আবারও শুরু হয় ভাঙন। এভাবে বছরের পর বছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন সীমান্তবর্তী এলাকার মানুষ। এবারও তিন মাসের ব্যবধানে একই এলাকায় নতুন করে ভাঙন দেখা দেওয়ায় তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জকিগঞ্জের ১৯টি স্থানে মোট ৮ হাজার ২২০ মিটার নদীভাঙনের তথ্য উঠে আসে। এসব স্থানে মেরামতের জন্য প্রায় ৯ কোটি ৬৬ লাখ টাকার প্রয়োজন বলে পানি উন্নয়ন বোর্ডের সূত্রে উল্লেখ করা হয়েছিল। একই প্রতিবেদনে জকিগঞ্জের ৪১ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানানো হয়।
স্থানীয়দের প্রশ্ন, কুশিয়ারার ভাঙনে আর কত বসতভিটা, ফসলি জমি, মসজিদ ও কবরস্থান হারালে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণে উদ্যোগী হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? তাঁদের দাবি, আগামী বর্ষার অপেক্ষায় না থেকে এখনই ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে ব্লক স্থাপন ও টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। তা না হলে মানুষের শেষ আশ্রয়টুকু হারানোর পাশাপাশি সীমান্তবর্তী ভূখণ্ডের সুরক্ষার সংকটও আরও গভীর হতে পারে।