Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ০২:৫৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জাতীয় ঐক্য ছাড়া গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়: মিফতাহ্ সিদ্দিকী

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ০২:৫৯ অপরাহ্ন

সিলেট :

জাতীয় ঐক্য ছাড়া গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী।


তিনি বলেছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় একটি দিন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত ঐতিহাসিক ঘটনাপ্রবাহ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে। এ দিবস জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে স্মরণ করিয়ে দেয়।


সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মিফতাহ্ সিদ্দিকী বলেন, এ দিবসের মধ্য দিয়ে দেশের মানুষের ঐক্যবদ্ধ শক্তি, রাজনৈতিক সচেতনতা এবং জাতীয় স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব প্রতিফলিত হয়। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামেও এ দিবসের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে।


তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।


সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্রঋণ ও কুটিরশিল্পবিষয়ক সম্পাদক এবং মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আব্দুর রাজ্জাক বলেন, নতুন প্রজন্মের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সঠিক ইতিহাস, ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরা অত্যন্ত জরুরি।


তিনি বলেন, একটি জাতির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সঠিক ধারণা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য উপলব্ধি করতে হলে ইতিহাসের ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে হবে এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।


আব্দুর রাজ্জাক আরও বলেন, জাতীয় ঐক্য, দেশপ্রেম, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীলতার চর্চার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে হবে।


সিলেট জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদের সভাপতিত্বে এবং সদস্যসচিব তাজুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী এবং সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি লেফটেন্যান্ট অধ্যাপক মো. মনিরুল ইসলাম প্রমুখ।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com