জৈন্তাপুরে আসামি ছিনতাই: রাতভর অভিযানে আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতাকে ধরল পুলিশ
সিলেট :
সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আটক এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার হরিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাদ উদ্দিন (৪৮), ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজিজুর রহমান (৪৫) এবং নিষিদ্ধ ঘোষিত জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য ও ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ (২৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তার শাদ উদ্দিন হরিপুর ধলইপাড়া গ্রামের কবির আহমদের ছেলে। আজিজুর রহমান উত্তর বাগেরখাল গ্রামের আব্দুর রহমান ওরফে ময়না মিয়ার ছেলে এবং ফাহিম আহমদ শিকারখা গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হরিপুর বাজারের স্বাদ মিষ্টি বিপণির সামনে থেকে জাকারিয়া মাহমুদকে আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জৈন্তাপুর উপজেলা কমিটির সহদপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
আটকের পর তাঁকে পুলিশের গাড়িতে করে থানায় নেওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। এ সময় একদল ব্যক্তি পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীরা পুলিশের গাড়িও ভাঙচুর করে।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হরিপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের গাড়ি ভাঙচুর ও হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় জৈন্তাপুরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।