ব্যাটারিচালিত রিকশা বিধিমালার বৈষম্যমূলক ধারা সংশোধনের দাবি, সিলেটে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
সিলেট :
ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা-২০২৬-এর বৈষম্যমূলক ধারাসমূহ সংশোধন, ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি প্রদানসহ ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সিলেটের ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্যজোটের নেতারা।
সোমবার (৯ নভেম্বর) সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। দেশব্যাপী বিভিন্ন সংগঠনের চলমান আন্দোলন ও কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ এবং শ্রমিকদের জীবিকা ও ক্ষুদ্র পুঁজি সুরক্ষার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
স্মারকলিপি হস্তান্তরের আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে এবং মাশরুখ জলিলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতা দানিছ মিয়া, খায়রুল ইসলাম, সবুজ আহমেদ, ইয়াছিন মিয়া, রাজু কান্তি দাশ, লিটন আহমেদ, আবু বকর, সোহেলা আকন্দ, রাকিব হোসেন ও ইবরাহিম খলিল।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর ব্যাটারিচালিত রিকশা বিধিমালা-২০২৬ গেজেট আকারে প্রকাশিত হওয়ায় তারা সরকারকে সাধুবাদ জানান। তবে বিধিমালার কিছু ধারা শ্রমিকদের জন্য বৈষম্যমূলক এবং এসব ধারা তাদের জীবিকা সংকটের কারণ হতে পারে।
তিনি বলেন, শ্রমিক আন্দোলনের ফসল এই বিধিমালাকে দ্রুত প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে শ্রমিকবান্ধব করতে হবে। অন্যথায় ক্ষুদ্র পুঁজির মালিক ও শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হবেন এবং এ খাতের সুবিধা ধনিকশ্রেণির হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
স্মারকলিপিতে উত্থাপিত ১১ দফা দাবির মধ্যে রয়েছে—ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা-২০২৬-এর বৈষম্যমূলক ধারা সংশোধন করে দেশব্যাপী একক নীতিমালা প্রণয়ন; বিআরটিএকে ই-রিকশার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ঘোষণা; বুয়েটের নকশার আধুনিকায়ন ও যৌক্তিক রুট পারমিট প্রদান; চালকদের সর্বনিম্ন বয়স ১৮ বছর নির্ধারণ এবং ড্রাইভিং লাইসেন্স প্রদান।
এ ছাড়া নিবন্ধন ও নবায়ন ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ, যানবাহনের কাঠামোগত পরিবর্তনের জন্য দুই বছর সময় বরাদ্দ, জুলুম-চাঁদাবাজি বন্ধ এবং বৈধ মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার দাবি জানানো হয়েছে।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে, বিধিমালা সংশোধন ও সড়ক ব্যবস্থাপনা কমিটিতে শ্রমিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, যন্ত্রাংশের সুলভ মূল্য নির্ধারণ, সড়কে পৃথক সার্ভিস লেন, স্ট্যান্ড ও চার্জিং স্টেশন নির্মাণ, অটোরিকশাসংক্রান্ত মামলা প্রত্যাহার এবং রিট দ্রুত নিষ্পত্তি করা।
পাশাপাশি জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন, ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে ঘোষণা, স্বল্প সুদে জামানতবিহীন ঋণ প্রদান, সচল গ্যারেজের ট্রেড লাইসেন্স দেওয়া, শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু এবং গ্যারেজ ভাড়া, যন্ত্রাংশ ও বিদ্যুতের দাম কমানোর দাবি জানানো হয়।
স্মারকলিপি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, সাধারণ সম্পাদক বুরহানউদ্দিন ভান্ডারী, মাশরুখ জলিল, দানিছ মিয়া, আব্দুল জলিল, আব্দুল আজিজ, শহীদুল ইসলাম, আনিস খান, মমু সর্দার, সবুজ আহমেদ, বাচ্চু মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসকের হাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি তুলে দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।