পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব, সর্বোচ্চ ৪৮ হাজার
ঢাকাঃ
দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা এবং সর্বোচ্চ ৪৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। পাশাপাশি পোশাক কারখানার উৎপাদনশ্রমিক নন, এমন কর্মচারীদের জন্য সর্বনিম্ন ৪০ হাজার থেকে সর্বোচ্চ ৫৫ হাজার টাকা পর্যন্ত মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয়েছে মাসিক ৩০ হাজার টাকা।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা নতুন মজুরি কাঠামোর এ প্রস্তাব তুলে ধরেন।
প্রস্তাব অনুযায়ী, পোশাকশ্রমিকদের চারটি গ্রেডে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম গ্রেডের শ্রমিকদের জন্য ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা মাসিক মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
গ্রেডভিত্তিক প্রস্তাবিত মজুরি
শ্রমিকপক্ষের প্রস্তাবে গ্রেড অনুযায়ী মজুরির বিবরণ হলো—
* গ্রেড-১: সিনিয়র অপারেটরদের মাসিক মজুরি ৪৮ হাজার টাকা। এর মধ্যে মূল বেতন ২৮ হাজার ৮০০ টাকা, বাড়িভাড়া ১৪ হাজার ৪০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৮০০ টাকা।
* গ্রেড-২: সংশ্লিষ্ট মেশিন অপারেটরদের মজুরি ৪৩ হাজার টাকা। এর মধ্যে মূল বেতন ২৫ হাজার ৮০০ টাকা, বাড়িভাড়া ১২ হাজার ৯০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৩০০ টাকা।
* গ্রেড-৩: জুনিয়র মেশিন অপারেটরসহ সংশ্লিষ্ট শ্রমিকদের মজুরি ৩৮ হাজার টাকা। এর মধ্যে মূল বেতন ২২ হাজার ৮০০ টাকা, বাড়িভাড়া ১১ হাজার ৪০০ টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার ৮০০ টাকা।
* গ্রেড-৪: হেলপার ও সহকারী পর্যায়ের শ্রমিকদের মজুরি ৩২ হাজার টাকা। এর মধ্যে মূল বেতন ১৯ হাজার ২০০ টাকা, বাড়িভাড়া ৯ হাজার ৬০০ টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার ২০০ টাকা।
অন্যান্য কর্মচারীদের জন্যও পৃথক মজুরি প্রস্তাব
পোশাক কারখানার উৎপাদনশ্রমিক নন, এমন কর্মচারীদের জন্যও চারটি গ্রেডে পৃথক মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়া হয়েছে। এতে প্রথম গ্রেডের স্টোর কিপার, উচ্চমান সহকারী ও সিনিয়র ফায়ারম্যানদের জন্য ৫৫ হাজার টাকা, দ্বিতীয় গ্রেডের হিসাব সহকারী ও স্টোর সহকারীদের জন্য ৫০ হাজার টাকা, তৃতীয় গ্রেডের ক্লার্ক, অফিস সহকারী ও ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য ৪৫ হাজার টাকা এবং চতুর্থ গ্রেডের পিয়ন ও কুকদের জন্য ৪০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ রয়েছে।
শিক্ষানবিশ শ্রমিকদের মজুরি ৩০ হাজার টাকা
শিক্ষানবিশ শ্রমিকদের জন্য সর্বোচ্চ তিন মাসের শিক্ষানবিশকাল রাখার প্রস্তাব করা হয়েছে। এ সময়ে তাঁদের মাসিক মজুরি হবে ৩০ হাজার টাকা। এর মধ্যে মূল বেতন ১৮ হাজার, বাড়িভাড়া ৯ হাজার এবং অন্যান্য ভাতা ৩ হাজার টাকা।
বর্তমানে সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামো কার্যকর হওয়ার পর এ হার নির্ধারণ করা হয়।
শ্রমিকপক্ষের নতুন প্রস্তাব কার্যকর হলে সর্বনিম্ন মজুরি ১৯ হাজার ৫০০ টাকা বাড়বে। বর্তমান মজুরির তুলনায় প্রস্তাবিত বৃদ্ধি প্রায় ১৫৬ শতাংশ।
মালিকপক্ষকে প্রস্তাব জমার জন্য চার কর্মদিবস সময়
নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ নতুন মজুরি কাঠামোর প্রস্তাব জমা দিলেও মালিকপক্ষ তাদের প্রস্তাব উপস্থাপন করতে পারেনি। শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও কারখানার পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত থাকায় প্রস্তুতির জন্য মালিকপক্ষ সাত কর্মদিবস সময় চেয়েছিল। তবে বোর্ড তাদের চার কর্মদিবস সময় দিয়েছে।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহান জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে মালিকপক্ষ প্রস্তাব জমা না দিলেও বোর্ড সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এগিয়ে নেবে। নতুন মজুরি কাঠামো নির্ধারণের আগে বিভিন্ন শিল্পাঞ্চলের পোশাক কারখানা পরিদর্শন করে শ্রমিকদের জীবনযাত্রার পরিস্থিতি ও প্রত্যাশা সরেজমিনে পর্যালোচনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এদিকে বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, শ্রমিকপক্ষের প্রস্তাবের পাশাপাশি মালিকপক্ষের প্রস্তাবও পর্যালোচনা করা হবে। উভয় পক্ষের মতামত ও আলোচনার ভিত্তিতে সরকার একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তবে শ্রমিকপক্ষের প্রস্তাব এখনো চূড়ান্ত মজুরি কাঠামো নয়। মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রস্তাব পর্যালোচনা এবং নিম্নতম মজুরি বোর্ডের সিদ্ধান্তের পরই চূড়ান্ত মজুরি নির্ধারণ করা হবে।
তথ্যসূত্র:, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)