Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ১১:১১ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

টেক্সটাইল থেকে ডিপ্লোমা করলে একজন শিক্ষার্থীও বেকার থাকবেন না: জাহেদুর রহমান

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ১১:১১ পূর্বাহ্ন

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

বস্ত্র অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মোহাম্মদ জাহেদুর রহমান বলেছেন, কারিগরি শিক্ষা সব সময় অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি। হলফ করে বলতে পারি, টেক্সটাইল থেকে ডিপ্লোমা সম্পন্ন করার পর একজন শিক্ষার্থীও বেকার থাকবেন না। তাই টেক্সটাইল ও ভোকেশনাল শিক্ষার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহী হওয়া প্রয়োজন।


তিনি বলেন, গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে প্রত্যাশিত উৎপাদনশীল জনশক্তি তৈরি হচ্ছে না। এ জন্য বিকল্প ও বাস্তবমুখী শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে। কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে পারলে শিক্ষার্থীরা নিজের কর্মসংস্থানের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।


সোমবার সকাল ১০টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আজিজুননেছা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের ভর্তি কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে অংশীজনদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও আজিজুননেছা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট যৌথভাবে এ সভার আয়োজন করে।


ভর্তি কার্যক্রম সম্পর্কে মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ষষ্ঠ ও নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন। এমনকি যারা ২০২২ সালে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে ঝরে পড়েছেন, তাঁরাও চাইলে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন।


তিনি আরও বলেন, টেক্সটাইল খাতে দক্ষ প্রকৌশলীর অভাব থাকায় বিদেশ থেকে অনেক কর্মী নিয়োগ করতে হয়। এতে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যায়। দেশেই দক্ষ জনশক্তি তৈরি করা গেলে এ নির্ভরতা কমবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।


শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, সুফি মিয়া, লুৎফুর রহমান জায়গীরদার খোকন ও আবদুল বাসিত সুজন, পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরাফত উল্লাহ, সুরমা হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুর রশিদ আমিন, সুনামগঞ্জ জেলা শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমেদ, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধারঞ্জন মজুমদার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা দিলোয়ার হোসেন।


এ সময় আক্রমআলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিবাস চন্দ্র বিশ্বাস, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সভায় শুরুতে আজিজুননেছা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা ও ভর্তি-সংক্রান্ত তথ্য নিয়ে একটি স্লাইড শো উপস্থাপন করেন সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ সোহরাব হোসেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম আহমদ ভুঁইয়া, একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, কোষাধ্যক্ষ নোহান আরেফিন নেওয়াজ ও দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান।


এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও রাজনৈতিক নেতাকর্মীরা সভায় অংশ নেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com