স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ফোর্সেসের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ফারুক আহমেদ। রোববার (৮ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বে যোগ দেন।
এর আগে ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এসআরবি ফোর্সেসের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিদায়ী মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবিব পলাশের স্থলাভিষিক্ত হয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর ফারুক আহমেদের সম্মানে এসআরবি ফোর্সেসে স্বাগত দরবার অনুষ্ঠিত হয়। সেখানে বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি জনকল্যাণে আন্তরিকতা, পেশাদারত্ব, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রেখে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
দেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবি ফোর্সেসকে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বাহিনীর সব পর্যায়ের সদস্যদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
মো. ফারুক আহমেদ ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় লাইবেরিয়া ও সুদানে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। শিক্ষাজীবনে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।