সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট :
সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। দেশের সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
তিনি বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা। সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, উৎপাদন বৃদ্ধি এবং মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ রয়েছে। এ জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি সমবায় সমিতিগুলোকে নিজ নিজ কার্যক্রমে আরও সক্রিয় হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
রোববার (৮ নভেম্বর) সকালে সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে সমবায় বিভাগ, সিলেট এ অনুষ্ঠানের আয়োজন করে।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার সিলেটের আবৃত্তিশিল্পী ও শিশু একাডেমি সিলেটের আবৃত্তি প্রশিক্ষক নাজনা পারভীন এবং বাংলাদেশ বেতার সিলেটের উপস্থাপক ও আবৃত্তিশিল্পী তিতাস দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম-সেবা, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এবং জেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্ত।
স্বাগত বক্তব্য দেন সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ গিয়াস উদ্দিন।
এ ছাড়া বক্তব্য দেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, পশ্চিম ভাটপাড়া জবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জুমেলা বেগম এবং সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের সাবেক যুগ্ম নিবন্ধক ও গ্রিনলিফস কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. কামাল উদ্দিন।
সমবায় পণ্য মেলার উদ্বোধন ও সম্মাননা প্রদান
আলোচনা সভার আগে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত সমবায় পণ্য মেলার ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা।
মেলায় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ সাতটি সমবায় সমিতির প্রতিনিধির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। সম্মাননা গ্রহণকারীরা হলেন—হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আলী আকিক, শাহপরাণ উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক আহসান কায়সার লস্কর, তৃণমূল মহিলা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক অনিতা দাশ গুপ্তা, রাইজ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সদস্য তাছলিমা বেগম, সুরমা উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মো. বাবুল আহমদ, কগ্রাম সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সদস্য জহুরা বেগম এবং বিআরডিবি কারুপল্লী, সেনপাড়া মহিলা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক অনিবালা দেবী।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সমবায় অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুয়াজ্জিন কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সদস্য ক্বারী শফিকুর রহমান। গীতা পাঠ করেন সিলেট কেন্দ্রীয় সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি সুশেন্দ্র চন্দ্র সরকার।