Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
সিলেটে ইমাম সমিতির সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, পুনর্নির্বাচিত এহসান উদ্দিন-জালাল উদ্দিন

ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

০৯ নভেম্বর ২০২৬ • ১১:৩৬ পূর্বাহ্ন

সিলেট :

ইমাম ও মুয়াজ্জিনদের সার্বিক কল্যাণে বর্তমান সরকার কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ইমামরা সমাজের নেতা। তাঁরা মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করেন। কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় তাঁদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। সরকার তাঁদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।


শনিবার (৭ নভেম্বর) সিলেট নগরীর নাইওরপুলস্থ হোটেল ফরচুন গার্ডেনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


‘সামাজিক সম্প্রীতি, সুশাসন এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় করণীয়’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে সিলেট জেলার প্রায় আড়াই শতাধিক ইমাম অংশগ্রহণ করেন।


সমিতির জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবীবুর রহমান, শাহজালাল ডি.ওয়াই. কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আবুসালেহ মো. কুতুবুল আলম, হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস ও নাযিমে তালীমাত মাওলানা আতাউল হক জালালাবাদী, বিএনপি সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং বিশিষ্ট লেখক, গবেষক ও গ্রন্থকার মো. জসীম উদ্দিন খন্দকার।


সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা শাহ নজরুল ইসলাম।


বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য এমএ মালিক বলেন, অর্থনৈতিক সুশাসন ও বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠা কেবল প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে সম্ভব নয়। এ জন্য সামাজিক সম্প্রীতি ও নৈতিক জাগরণ প্রয়োজন। ইমামরা সমাজের সম্মানিত পথপ্রদর্শক হিসেবে সততা, ন্যায়পরায়ণতা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন।


কেন্দ্রীয় মহাসচিব মাওলানা শাহ নজরুল ইসলাম বলেন, দেশের প্রতিটি মসজিদের মিম্বর নৈতিকতা ও সুশাসনের শিক্ষা দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ইমামদের ঐক্যবদ্ধ হতে হবে। হক কথা বলা এবং অন্যায়ের প্রতিবাদ করা আলেম সমাজের ঐতিহাসিক দায়িত্ব। এ সময় তিনি ইমাম সমাজের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি-দাওয়া তুলে ধরেন।


সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও সুশৃঙ্খল নগরী গড়ে তুলতে ধর্মীয় নেতাদের নৈতিক প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নাগরিক অধিকার রক্ষা এবং সামাজিক অসংগতি দূর করতে সিটি করপোরেশন ওলামায়ে কেরামের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।


সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, পরিকল্পিত ও টেকসই উন্নয়নের পাশাপাশি মননশীল সমাজ গঠনে নৈতিক শিক্ষার প্রচার অপরিহার্য। উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।


জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রশাসন ও ধর্মীয় নেতৃত্বের পারস্পরিক সহযোগিতায় সমাজ থেকে অপরাধ ও দুর্নীতি নির্মূল করা সহজ হয়। তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে ইমামদের নিবিড় যোগাযোগ থাকায় জনসচেতনতা বৃদ্ধিতে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।


এ ছাড়া সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবীবুর রহমান, শাহজালাল ডি.ওয়াই. কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আবুসালেহ মো. কুতুবুল আলম, মাওলানা আতাউল হক জালালাবাদী, বিএনপি মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং গবেষক মো. জসীম উদ্দিন খন্দকার তাঁদের বক্তব্যে নৈতিক শিক্ষা, সামাজিক সম্প্রীতি, ইনসাফ ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ইমাম সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সমিতির জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন। তিনি সমিতির জন্য খাসজমি বরাদ্দ দিয়ে ইমাম কমপ্লেক্স নির্মাণ, পাঁচটি অ্যাম্বুলেন্স প্রদান এবং ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।


পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আব্দুল বাছিত। বিগত বছরের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়া এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা আকমল হোসাইন। অনুষ্ঠানের শেষপর্বে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সহসভাপতি মাওলানা আশরাফ আলী মিয়াজানী।


ত্রি-বার্ষিক কাউন্সিল ও নতুন কমিটি


সম্মেলনের দ্বিতীয় পর্বে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে সভাপতি হিসেবে মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা আবুল বাশার নির্বাচিত হন।


প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট জালাল উদ্দিন ও দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরোপ্রধান সাংবাদিক আব্দুল কাদের তাপাদার। এ সময় বক্তব্য দেন মারভেলাস হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম।


নির্বাচন শেষে পুনর্নির্বাচিত সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com