Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | ১০:৩২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

দেশের ৬৪ জেলায় ৬৪টি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | ১০:৩২ পূর্বাহ্ন

দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিত করা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে পর্যায়ক্রমে ৬৪টি জেলায় ৬৪টি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার। এ তথ্য জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।


রোববার (৮ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশ আয়োজিত ‘আন্তর্জাতিক কেয়ারারস দিবস-২০২৬’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


সমাজকল্যাণমন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার। সম্পদের সীমাবদ্ধতা থাকলেও প্রতিবন্ধী ব্যক্তিদের বহুমুখী সমস্যা সমাধানে আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা আগের যেকোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (এনডিডি) কিংবা নন-এনডিডিসহ সমাজের পিছিয়ে পড়া সব মানুষের পাশে সরকার আন্তরিকভাবে দাঁড়াতে বদ্ধপরিকর।


প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের বিষয়ে মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে তাঁদের প্রবেশের বয়সসীমা বাড়ানোর প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দিতে মালিক ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।


বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বক্ষণিক পরিচর্যায় নিয়োজিত অভিভাবকদের ত্যাগের কথা উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, সন্তানদের দেখাশোনার কারণে যেসব বাবা-মা কোনো পেশায় যুক্ত হতে পারেন না, তাঁদের বৃত্তিমূলক প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তা ও কাজের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হবে। এর মাধ্যমে তাঁদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।


তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু আনুষ্ঠানিক প্রশিক্ষণ দিয়ে সরকারের দায়িত্ব শেষ করতে চায় না; বরং তাঁদের টেকসই পুনর্বাসন নিশ্চিত করাও সরকারের লক্ষ্য।


দেশে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাঠদানের জন্য বিশেষায়িত শিক্ষকের সংকট রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের জন্য দেশে মাত্র একটি সরকারি কলেজ রয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার।


এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার্য সহায়ক উপকরণ তৈরির সরকারি প্রতিষ্ঠান আরও আধুনিকায়নের কথা জানান তিনি।


আন্তর্জাতিক প্যারা অলিম্পিকে বাংলাদেশের প্রতিযোগী ও ক্রীড়াবিদরা যাতে সাফল্য অর্জন করতে পারেন, সে লক্ষ্যে সাভারে আন্তর্জাতিক মানের অলিম্পিক ভিলেজ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে বলেও জানান সমাজকল্যাণমন্ত্রী।


অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তিন শতাধিক কেয়ারার তাঁদের অভিজ্ঞতা ও বাস্তব সমস্যার কথা তুলে ধরেন। এ সময় তাঁরা একটি সমন্বিত ‘জাতীয় কেয়ারার কাঠামো’ গড়ে তোলার দাবি জানান।


কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুল মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল। এ ছাড়া বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ৮ নভেম্বর ২০২৬।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৯.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com