Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

০৯ নভেম্বর ২০২৬ • ১০:৩০ পূর্বাহ্ন

আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সদর উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।


রোববার (৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।


ইসি সচিব বলেন, একটি উপজেলার যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হবে, ওই উপজেলার সব ইউনিয়নের নির্বাচন একসঙ্গে আয়োজন করা হবে।


তিনি জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। তবে নির্বাচন কমিশনের কাছে থাকা ইভিএমগুলো কীভাবে বিনষ্ট বা বাতিল করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


সিটি করপোরেশন, উপজেলা পরিষদসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, বর্তমানে কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কাজ করছে। অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনো পর্যালোচনা শুরু হয়নি। সময় হলে সেগুলোর বিষয়ে জানানো হবে।


এদিকে নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করতে ছয় বছর বয়স থেকেই নাগরিকদের তথ্য সংগ্রহ করে ডেটাবেজ তৈরির পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এ বিষয়ে ইসি সচিব বলেন, প্রাথমিক শিক্ষায় ভর্তির সময় যে তথ্য দেওয়া হয়, সেগুলো নিয়ে ছয় বছর বয়স থেকেই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য নিবন্ধনের বিষয়টি আলোচনা করা হচ্ছে।


নির্বাচন কমিশনের পূর্বঘোষণা অনুযায়ী, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপ ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ধাপ ২৭ মে ২০২৭ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আইন অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হয়েছে বা নির্বাচনী চক্রে প্রবেশ করবে—এমন আনুমানিক ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী বছরের ২৭ মের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com