Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ১২:৫৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচলে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, সিলেটে গভর্নর

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ১২:৫৭ অপরাহ্ন

সিলেট :

দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ কলকারখানা পুনরুজ্জীবিত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন প্যাকেজের সুবিধা প্রকৃত উদ্যোক্তাদের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এফসিএমএ।


শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের সম্মেলনকক্ষে ব্যাংকসহ বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।


সভায় সিলেটের স্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর আঞ্চলিক প্রধান, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তা এবং কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় অর্থায়ন প্যাকেজ বাস্তবায়নের মাঠপর্যায়ের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


সভায় গভর্নর বলেন, বর্তমানে ব্যাংকঋণের সাধারণ সুদের হার ১২ থেকে ১৪ শতাংশ। এই উচ্চ সুদ ব্যবসা পরিচালনায় উদ্যোক্তাদের জন্য বড় চাপ তৈরি করছে। তাঁদের স্বস্তি দিতে এবং স্থবির শিল্প খাত পুনরুজ্জীবিত করতে বিশেষ প্রণোদনা প্যাকেজের আওতায় ৪ থেকে ৮ শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে।


তিনি জানান, ৬০ হাজার কোটি টাকার এই প্যাকেজের মধ্যে ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এবং বাকি ৪১ হাজার কোটি টাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে জোগান দেওয়া হচ্ছে।


সিলেট অঞ্চলের বন্ধ উৎপাদনমুখী শিল্প ও সেবা খাত পুনরায় সচল করার ওপর গুরুত্বারোপ করে গভর্নর বলেন, প্যাকেজের সবচেয়ে বড় অংশ ২০ হাজার কোটি টাকা বন্ধ শিল্প পুনর্গঠনে ব্যয় করা হবে। এ ছাড়া কৃষি ও পল্লী অর্থনীতি চাঙা করতে ১০ হাজার কোটি টাকা এবং বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ১ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।


তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, চলতি নভেম্বর মাস থেকে ‘উদ্যোগ’ নামে একটি প্রকল্প শুরু হয়েছে। এর আওতায় দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৫ হাজার তরুণকে বাছাই করে নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। এ প্রক্রিয়ায় ব্যাংক বা আমলাতান্ত্রিক কোনো হস্তক্ষেপ থাকবে না।


প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের ঋণপ্রাপ্তি সহজ করার বিষয়ে গভর্নর জানান, ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষকেরা প্রচলিত জমির জামানতের পরিবর্তে বিকল্প জামানত ব্যবহার করে সহজে ঋণ সুবিধা পাবেন।


ঋণ বিতরণে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, প্রকৃত ও যোগ্য উদ্যোক্তাদের ঋণ নিশ্চিত করতে হবে। চলতি বছরের মধ্যে সুযোগ পাওয়ার পরও যাঁরা ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ করবেন না, আগামী বছর থেকে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্যাকেজটি যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশে ২৫ লাখের বেশি মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদের সভাপতিত্বে সভার শুরুতে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংকিং রেগুলেশন পলিসি ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক সালাউদ্দিন তাপাদার।


আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তাফা ও আব্দুস সালাম মাহমুদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, ব্যবসায়ী সাবেত নাঈম চৌধুরী, সানজিদা খাতুন, হিজকিল গুলজার, ফালাহ উদ্দিন আলী আহমদ ও আলিমুল এহসান চৌধুরী। এ ছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব উল হাকিম, অধ্যাপক ড. শহিদুল হক এবং নারী উদ্যোক্তা অনিতা দাশ গুপ্তা উপস্থিত ছিলেন।


সভায় অংশীজনেরা সিলেট অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা ও ঋণপ্রাপ্তির জটিলতা গভর্নরের সামনে তুলে ধরেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নিতে তাগিদ দেন।


গভর্নর নগদ লেনদেনের পরিবর্তে বিনা খরচে ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে ক্যাশলেস ব্যাংকিং চালুর জন্য সবাইকে আহ্বান জানান। তিনি বলেন, অতীতে ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে, তা কাটিয়ে উঠতে আট বছর সময় লাগতে পারে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ওয়ান টাইম এক্সিট সুবিধা গ্রহণের আহ্বান জানান তিনি।


এ ছাড়া করপোরেট ঋণ কমিয়ে রিটেইল, এসএমই ও কৃষি খাতে ঋণ বিতরণ বাড়াতে ব্যাংকারদের প্রতি আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৮.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com