Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ০২:৩৭ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

রাজনৈতিক ভেদাভেদ ভুলে জকিগঞ্জের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আবুল হাসানের

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ০২:৩৭ পূর্বাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে সিলেটের জকিগঞ্জকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বক্তারা। এ দাবির সঙ্গে একমত পোষণ করে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন, বিষয়টি তিনি ইতিমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করেছেন। সরকারের মাধ্যমে এ দাবি বাস্তবায়নের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।


শনিবার (৭ নভেম্বর) সকালে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।


বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধে জকিগঞ্জের রয়েছে ঐতিহাসিক গুরুত্ব ও গৌরবোজ্জ্বল ভূমিকা। প্রতিবছর ২১ নভেম্বর স্থানীয়ভাবে জকিগঞ্জ মুক্তাঞ্চল দিবস পালন করা হয়। মুক্তিযুদ্ধের ইতিহাসে জকিগঞ্জের অবদান জাতীয় পর্যায়ে তুলে ধরতে স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন। এ জন্য সংসদ সদস্যের প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে সহযোগিতা করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।


তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে জকিগঞ্জের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি ইতিমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করেছেন। আশা করছেন, সরকার এ দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে। জকিগঞ্জের স্বার্থে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মনোজ প্রভাকর রায়, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ আছলাম হোসেন, পৌর বিএনপির সহসভাপতি মুনিম আহমদ ও সহসাধারণ সম্পাদক আব্দুল গফুর প্রমুখ।


এর আগে দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


পরে জকিগঞ্জ বালক উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও পৌরসভার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় পৌরসভা দল ২-১ গোলে উপজেলা প্রশাসন দলকে পরাজিত করে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৮.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com