জগন্নাথপুরে উৎসবমুখর আয়োজনে হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাবের নতুন জার্সি উন্মোচন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
‘ঐক্যের বন্ধনে তারুণ্যের স্পন্দন, জয়ের পথে হবিবপুর বন্ধন’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর ২০২৬-২৭ মৌসুমের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জগন্নাথপুর পৌরসভার হাসপাতাল পয়েন্টস্থ স্বপ্নচূড়া পার্টি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্লাবের সাধারণ সম্পাদক ফাহিম আহমদের প্রাণবন্ত সঞ্চালনায় এবং আলহাজ্ব বজলু রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ কবির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক আহসান লাহিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পরে স্বাগত বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবু হেনা রনি।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও বক্তব্য দেন টিএইচ সুমন, আসাদ লাল, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ ও সাফি মোহাম্মদ, আব্দুল কাদির এবং আব্দুল কাইয়ুম।
এ সময় হবিবপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি দুদু মিয়া, শিশু মিয়া, আবুল হোসেন, দুলাল মিয়া, ইউসুফ ও জুমেন আহমদসহ জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাবের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
প্রধান ও বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন ধরনের বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে মাঠের খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁরা হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাবের অতীত ঐতিহ্যের প্রশংসা করেন এবং সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
জানা যায়, ক্লাবটির নতুন মৌসুমের দৃষ্টিনন্দন জার্সির সৌজন্যে ছিলেন ‘মিফতা গোল্ড কাপ’-এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব মিফতাহ। পুরো আয়োজনের সার্বিক সমন্বয় ও নির্দেশনায় ছিলেন ক্লাবটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ক্যাপ্টেন কাহের আরিফ।
অনুষ্ঠানের শেষপর্বে আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে ক্লাবের খেলোয়াড়দের হাতে নতুন মৌসুমের জার্সি তুলে দেন। জার্সি উন্মোচন পর্ব শেষে অতিথি, খেলোয়াড় ও উপস্থিত সবার অংশগ্রহণে প্রীতি নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ক্যাপ্টেন কাহের আরিফ জার্সির স্পনসর মিফতাহসহ দেশ-বিদেশে অবস্থানরত ক্লাবের সব শুভাকাঙ্ক্ষী, পৃষ্ঠপোষক ও সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।