শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ২৮৮ বোতল ভারতীয় শ্যাম্পু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মতিন রিপন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা শ্যাম্পুর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা।
শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় রিপনের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব শ্যাম্পু উদ্ধার করা হয়। গ্রেপ্তার রিপন ওই এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল রিপনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর বসতঘরের লাকড়ি রাখার কক্ষ থেকে ১২টি কার্টনে রাখা ২৮৮ বোতল শ্যাম্পু উদ্ধার করা হয়। প্রতিটি কার্টনে ২৪টি করে শ্যাম্পু ছিল।
উদ্ধার করা শ্যাম্পুগুলোর গায়ে ‘উইশকেয়ার মাল্টি-পেপটাইড অ্যান্টি হেয়ারফল শ্যাম্পু’ লেখা রয়েছে। প্রতিটি বোতলের পরিমাণ ২৫০ মিলিলিটার। অভিযানের সময় এসব পণ্যের বৈধ আমদানি-সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি রিপন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের সহযোগিতায় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব শ্যাম্পু বাংলাদেশে আনার কথা জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার রিপন ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।