সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি
কক্সবাজার : সৌদি আরবে পবিত্র নগরী মদিনা থেকে জেদ্দায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাঁদের বিস্তারিত পরিচয় ও স্থায়ী ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মদিনা থেকে জেদ্দায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
কোম্পানিটির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে, ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলম শাহ ও তাঁর এক মাস বয়সী শিশুকন্যা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহতদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তবে তাঁরা উপজেলার কোন ইউনিয়নের কোন গ্রামের বাসিন্দা এবং একই এলাকার কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং মরদেহগুলো কবে নাগাদ দেশে পাঠানো হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে চকরিয়া উপজেলা প্রশাসনও নিহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, তিনি গণমাধ্যমে দুর্ঘটনার খবর দেখেছেন। তবে এ বিষয়ে প্রশাসনের কাছে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য আসেনি। নিহতদের পরিচয় ও ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে।
অন্যদিকে একাধিক সূত্র জানিয়েছে, সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেট নিহতদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা দেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে।
সাত বাংলাদেশির এমন মর্মান্তিক মৃত্যুর খবরে তাঁদের স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।