বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বিয়ের মাত্র দুই দিন আগে মাজেদা আক্তার (২২) নামে এক স্কুলশিক্ষিকা নিখোঁজ হয়েছেন। গত ৪ নভেম্বর বিকেলে টিউশনি করাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নিখোঁজ শিক্ষিকার বাবা বাবুল হোসেন বড়লেখা থানায় লিখিত অভিযোগ করেছেন।
নিখোঁজ মাজেদা আক্তার উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাসেমনগর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একে মডেল একাডেমির শিক্ষিকা।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, গত ৪ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে টিউশনি করানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মাজেদা। টিউশনি শেষে বাড়িতে ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তাঁর ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়।
পরিবার সূত্রে জানা গেছে, আগামী ৮ নভেম্বর তাঁর বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের মাত্র দুই দিন আগে তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
এদিকে মেয়েকে খুঁজে পেতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাঁর বাবা বাবুল হোসেন।
নিখোঁজ মাজেদা আক্তারের সন্ধান পেলে কিংবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের পক্ষ থেকে ০১৭২৩১৫৯৩৫০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।