Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি বিনোদন রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে পরীমণির বাগ্‌বিতণ্ডা, ‘তুই আমার গায়ে হাত দিছোস কেন?’

০৬ নভেম্বর ২০২৬ • ১২:২৬ পূর্বাহ্ন

ঢাকা : মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণি। তবে জামিন পাওয়ার পর আদালত চত্বর থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় পরীমণির জামিন মঞ্জুর করা হয়। তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জামিনের বিষয়টি নিশ্চিত করেন।


আদালত থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় সাংবাদিক ও উৎসুক জনতার ভিড়ের মধ্যে এ অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় এক সাংবাদিক ভিডিও ধারণ করতে সামনে এগিয়ে গেলে পরীমণি ক্ষুব্ধ হয়ে তাঁর উদ্দেশে বলেন, ‘তুই আমার গায়ে হাত দিছোস কেন?’


তবে ওই সাংবাদিক পরীমণির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি আপনার গায়ে হাত দিই নাই।’ এরপরও পরীমণিকে উত্তেজিত হয়ে একই অভিযোগ তুলতে দেখা যায়। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরাও ওই সাংবাদিকের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ করেন।


ঘটনাটি ঘিরে আদালত প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।


এর আগে গত বুধবার (৪ নভেম্বর) মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও আদালতে উপস্থিত হননি পরীমণি। তাঁর পক্ষে সময় চেয়ে আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। একই সঙ্গে তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়।


পরদিন বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।


উল্লেখ্য, ২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ঢাকার আদালতে পরীমণির বিরুদ্ধে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com