Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

আশুলিয়ায় হামলায় মাথায় গুরুতর আঘাত, আহত শ্রমিকের পাশে শ্রমমন্ত্রী

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ন

ঢাকা, ৫ নভেম্বর ২০২৬: শ্রম আন্দোলনের নামে আশুলিয়ায় একটি জুতার কারখানার শ্রমিক মো. সেলিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।


বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আশুলিয়ার ট্রেন্ট শুজ লিমিটেডের (ফরচুন জিপার) জুনিয়র অপারেটর মো. সেলিমের ওপর এ হামলার ঘটনা ঘটে।


হামলায় গুরুতর আহত সেলিমকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। পরে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়।


এদিকে, ঘটনার খবর পেয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বিশেষ নির্দেশে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সেলিমকে দেখতে যান শ্রমসচিব মো. আব্দুর রহমান তরফদার। এ সময় তিনি মন্ত্রীর পক্ষ থেকে আহত শ্রমিকের চিকিৎসার জন্য তার পরিবারের হাতে প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন।


এ সময় মন্ত্রী ভার্চ্যুয়ালি আহত সেলিমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। পাশাপাশি আহত শ্রমিকের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং তার সার্বিক অবস্থার বিষয়ে নিবিড়ভাবে খোঁজখবর রাখতে হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দেন।


শ্রমসচিব বলেন, আন্দোলনের নামে কোনো ধরনের সহিংসতা কিংবা শ্রমিকের ওপর হামলা মেনে নেওয়া হবে না। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার আহত শ্রমিকের চিকিৎসা এবং তার পরিবারের পাশে সর্বাত্মকভাবে রয়েছে।


হাসপাতালে এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম এবং আহত শ্রমিকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


আহত মো. সেলিম মাদারীপুর জেলার কালকিনি থানার উত্তর কানাইপুর গ্রামের মো. আব্দুর রহিম ও সেলিনা খাতুনের ছেলে।


সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৫.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com