Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ১১:৪০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ইব্রাহিমের প্রশংসায় ডুলি, বিশ্বনাথকে আক্রমণভাগে খেলানোর পরিকল্পনাও জানালেন

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ১১:৪০ অপরাহ্ন

ক্রীড়া : সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। দলের জয়ে বদলি হিসেবে নেমে গুরুত্বপূর্ণ গোল করা মোহাম্মদ ইব্রাহিমের ভূয়সী প্রশংসা করেছেন জাতীয় ফুটবল দলের কোচ টমাস ডুলি। একই সঙ্গে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে আক্রমণভাগে খেলানোর পরিকল্পনা নিয়েও নিজের আশাবাদের কথা জানিয়েছেন তিনি।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডুলি বলেন, সামগ্রিকভাবে দলের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট। তাঁদের লক্ষ্য ছিল তিন পয়েন্ট অর্জন করা, যা দল করতে পেরেছে। তবে আক্রমণভাগে আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।


বাংলাদেশের আক্রমণভাগে নির্ভরযোগ্য স্ট্রাইকার বা নাম্বার নাইন না থাকার বিষয়টি স্বীকার করে ডুলি বলেন, তাঁদের একজন প্রকৃত নাম্বার নাইন খুঁজে বের করতে হবে। বিশ্বনাথ ঘোষের আক্রমণাত্মক মানসিকতা ও লড়াকু খেলার প্রশংসা করে তিনি বলেন, বিশ্বনাথ কখনো থামে না, পুরো শক্তি দিয়ে খেলে। আক্রমণভাগে সে যে শক্তি নিয়ে আসে, তা সামলানো যেকোনো ডিফেন্ডারের জন্য কঠিন।


বিশ্বনাথকে সাধারণত সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলানো হলেও তাঁর আগ্রাসী খেলার ধরন বিবেচনায় ওই পজিশনে কিছুটা ঝুঁকি দেখছেন কোচ। তাঁর মতে, সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেললে পেনাল্টি কিংবা লাল কার্ডের ঝুঁকি থাকতে পারে। রাইট ব্যাক হিসেবেও খেলতে পারেন বিশ্বনাথ। তবে তাঁকে আক্রমণভাগে খেলিয়েই বেশি কার্যকর করতে চান ডুলি।


বিশ্বনাথের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে কোচ বলেন, তাঁকে এমন জায়গায় খেলাতে চান, যেখানে তিনি দলের সবচেয়ে বেশি উপকারে আসবেন। আর সেটি হলো আক্রমণভাগ। বিশ্বনাথকে দিয়ে গোল করানোর প্রত্যাশা থাকলেও ভুটানের বিপক্ষে তিনি গোল করতে পারেননি। তবে তাঁর খেলায় কোচ সন্তুষ্ট।


এদিকে ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নেমে গোল করা মোহাম্মদ ইব্রাহিমের প্রশংসাও করেন ডুলি। তিনি জানান, নতুন দেশে এসে সব খেলোয়াড়ের সামর্থ্য বুঝতে কিছুটা সময় লাগে। তবে ইব্রাহিম অনুশীলনে নিজের যোগ্যতা প্রমাণ করেই জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।


কোচের ভাষ্য অনুযায়ী, বিশ্বনাথ ক্লান্ত হয়ে পড়ায় এবং মাঝমাঠে বল ধরে রাখার প্রয়োজন থেকে ইব্রাহিমকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরিকল্পনা ছিল ইব্রাহিমকে নাম্বার টেনের ভূমিকায় খেলানো এবং শমিতকে আরও ওপরে তুলে দেওয়া। তবে ইব্রাহিম নিজেই গোল করে দলকে এগিয়ে দেবেন, তা তিনি ভাবেননি।


ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করে ডুলি জানান, প্রথমার্ধের ২০ থেকে ৩০ মিনিট এবং দ্বিতীয়ার্ধের প্রায় ২০ মিনিট বাংলাদেশ ভালো ফুটবল খেলেছে। বলের নিয়ন্ত্রণ, পাস আদান-প্রদান ও আক্রমণে সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের বক্সে পর্যাপ্ত খেলোয়াড় না থাকায় গোলের সুযোগ কাজে লাগানো কঠিন হয়েছে।


এ সমস্যা কাটাতে আক্রমণের সময় বক্সে খেলোয়াড়ের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি। বিশেষ করে মাঝমাঠের নাম্বার টেন ও নাম্বার এইটকে আক্রমণে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন কোচ।


ম্যাচের আগে অধিনায়ক তপু বর্মনের চোট নিয়েও কথা বলেন ডুলি। ওয়ার্ম-আপের শেষ দিকে তপু নিজেকে খেলার অনুপযুক্ত মনে করায় তাঁকে একাদশে রাখা সম্ভব হয়নি। ডুলি জানান, অন্তত ৮০ শতাংশ ফিট না হলে কোনো খেলোয়াড়কে মাঠে নামাতে চান না তিনি। তপুর পরিবর্তে শাকিলকে খেলানো হয় এবং তাঁর পারফরম্যান্সেও সন্তুষ্ট কোচ।


ভুটানের বিপক্ষে জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করলেও সামনে আরও উন্নতির সুযোগ রয়েছে বলে মনে করেন ডুলি। আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ।


সূত্র: বাংলা ট্রিবিউন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৫.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com