Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ১১:৩৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ডিসেম্বরে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইট বিনা খরচে: প্রবাসীকল্যাণমন্ত্রী

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ১১:৩৭ অপরাহ্ন

ঢাকা : আগামী ডিসেম্বর মাসে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে। প্রাথমিকভাবে প্রথম দুই থেকে তিনটি ফ্লাইটে কর্মীরা সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনের মিলনায়তনে এফডব্লিউসিএমএসের তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।


মন্ত্রী বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। এ মাসেই কর্মীদের মালয়েশিয়া যাত্রা শুরু করতে চায় সরকার। প্রথম দুই-তিনটি ফ্লাইটে কর্মীরা বিনা খরচে যাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি মালয়েশিয়া থেকে নতুন কর্মী নিয়োগের চাহিদা বা ডিমান্ড আনার প্রক্রিয়াও শুরু হবে।


তিনি আরও জানান, বিনা খরচে কর্মী পাঠানোর ক্ষেত্রে কর্মীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না। এমনকি এ প্রক্রিয়ায় দেশের সব ধরনের সার্ভিস চার্জও বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মী নির্বাচনে অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ এবং অনলাইন লটারির মাধ্যমে নির্বাচনের পরিকল্পনা রয়েছে।


বেসরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় নিয়েও নতুন পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ আড়াই থেকে তিন লাখ টাকা ব্যয় নির্ধারণের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এতে সাধারণ কর্মীরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।


রিক্রুটিং এজেন্সিগুলোর অংশগ্রহণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের সব রিক্রুটিং এজেন্সি যাতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ পায়, সে চেষ্টা চলছে। আগামী ৩১ ডিসেম্বর নতুন সমঝোতা স্মারক (এমওইউ) হবে এবং পুরোনো এমওইউর মেয়াদ শেষ হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।


মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ও সিন্ডিকেটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নানা ধরনের জটিলতা রয়েছে। কারা কার পক্ষে কাজ করছে, তা বোঝা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকার কাজ করছে।


মেডিক্যাল পরীক্ষার বিষয়ে মন্ত্রী জানান, অনুমোদিত মেডিক্যাল সেন্টারের তালিকা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিনিধিদল বিভিন্ন স্থানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। মেডিক্যাল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের যথাযথ প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানটি যত প্রভাবশালীই হোক, অনুমোদন বাতিল করা হবে বলেও জানান তিনি।


কর্মী পাঠানোর প্রক্রিয়া স্বচ্ছ ও নিরাপদ করতে নিয়োগদাতার কাছ থেকে চাকরির নিশ্চয়তা নেওয়ার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়া থেকে কর্মী নিয়োগের চাহিদা সংগ্রহ করলেই হবে না; তা সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসে জমা দিতে হবে এবং দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে।


কোনো কোম্পানির নামে ১০০ কর্মীর চাহিদা এলেও সেখানে যদি ৫০ জনের চাকরির ব্যবস্থা থাকে, তাহলে বাকি ৫০ জনের দায়িত্ব কে নেবে—এ প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, কর্মীদের চাকরির নিশ্চয়তা দিতে নিয়োগদাতাদের কাছ থেকে লিখিত অঙ্গীকার নেওয়া হবে।


এ ছাড়া বিদেশে কর্মীরা কোনো সমস্যায় পড়লে দ্রুত সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশেও একটি সেল গঠনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।


সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন করে প্রবেশের সুযোগ তৈরি হবে এবং অভিবাসন ব্যয় কমে সাধারণ কর্মীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।


সূত্র: বাংলা ট্রিবিউন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৫.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com