সিলেট :
বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও নগরবাসীর দুর্ভোগ কমাতে শীতের শুরুতেই আগাম প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। আগামী বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর সব ওয়ার্ডের ড্রেন, ছড়া ও খাল পরিষ্কার, খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নির্দেশনায় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা কমিয়ে আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সিসিক সূত্রে জানা যায়, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই নগরীর পানি নিষ্কাশনের পথগুলো পরিষ্কার ও কার্যকর রাখতে পরিকল্পিতভাবে এ প্রস্তুতিমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সময়মতো ড্রেন, ছড়া ও খাল পরিষ্কার এবং প্রয়োজনীয় খনন ও পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “বর্ষা আসার পর সমস্যা সমাধানে ব্যস্ত হওয়ার চেয়ে বর্ষার আগেই প্রস্তুতি নেওয়া বেশি জরুরি। নগরবাসীর ভোগান্তি কমাতে আমাদের আগাম উদ্যোগ ও কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, পরিকল্পিত ও সময়োপযোগী উদ্যোগের মাধ্যমে নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে যথাসম্ভব স্বস্তি দেওয়াই এ কার্যক্রমের উদ্দেশ্য।
তবে এ উদ্যোগ সফল করতে নগরবাসীর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছে সিটি করপোরেশন। বিশেষ করে ড্রেন, ছড়া ও খালে ময়লা-আবর্জনা না ফেলার পাশাপাশি পানি নিষ্কাশনের পথ পরিষ্কার রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সিটি করপোরেশনের আগাম প্রস্তুতির পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও সম্মিলিত সহযোগিতা নিশ্চিত করা গেলে বর্ষা মৌসুমে সিলেট নগরীর জলাবদ্ধতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।