Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
১০ মাসে বিভাগজুড়ে ৩১৫ জনের মৃত্যু, মোটরসাইকেল দুর্ঘটনায় বাড়ছে উদ্বেগ

অক্টোবরে সিলেটের সড়কে ঝরল ২৭ প্রাণ, আহত ৪৮

০৫ নভেম্বর ২০২৬ • ১০:৩০ পূর্বাহ্ন

সিলেট : সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি থামছে না। চলতি বছরের অক্টোবর মাসে বিভাগের চার জেলায় ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৮ জন। নিহতদের মধ্যে ৯ জনই মোটরসাইকেলের চালক ও আরোহী। দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়।


বুধবার (৪ নভেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত অক্টোবর মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।


প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে সিলেট জেলায় ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় দুটি দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। মৌলভীবাজারে চারটি দুর্ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। অন্যদিকে হবিগঞ্জে ছয়টি দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।


নিহত ২৭ জনের মধ্যে ১৮ জন পুরুষ, তিনজন নারী ও ছয়জন শিশু। যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, নিহতদের মধ্যে ৯ জন মোটরসাইকেলের চালক ও আরোহী, পাঁচজন সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের চালক-আরোহী, ছয়জন বিভিন্ন যানবাহনের চালক এবং চারজন পথচারী ছিলেন।


দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, অক্টোবর মাসে মুখোমুখি সংঘর্ষের নয়টি ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন উল্টে যাওয়ার পাঁচটি ঘটনায় পাঁচজন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে যানবাহনের ধাক্কায় দুটি ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন।


প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ট্রাফিক আইন না মেনে বেপরোয়াভাবে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়কের নির্মাণগত ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে।


নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যম, দুটি জাতীয় দৈনিক, অনুজ্জ্বল বা অপ্রকাশিত দুর্ঘটনার তথ্য এবং নিসচার সিলেট বিভাগের বিভিন্ন শাখা সংগঠনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।


১০ মাসে ৩১৫ জনের মৃত্যু


নিসচার পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় ২৯২টি সড়ক দুর্ঘটনায় ৩১৫ জন নিহত এবং ৬৭৮ জন আহত হয়েছেন।


মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন, ফেব্রুয়ারিতে ৩২টি দুর্ঘটনায় ৩২ জন, মার্চে ২৯টি দুর্ঘটনায় ৩২ জন, এপ্রিলে ১৯টি দুর্ঘটনায় ১৫ জন, মে মাসে ৪২টি দুর্ঘটনায় ৫১ জন, জুনে ২৯টি দুর্ঘটনায় ২৯ জন, জুলাইয়ে ২৮টি দুর্ঘটনায় ৩১ জন, আগস্টে ৩৫টি দুর্ঘটনায় ৪৭ জন, সেপ্টেম্বরে ২৬টি দুর্ঘটনায় ২৬ জন এবং অক্টোবরে ২৭টি দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন।


পরিসংখ্যানে দেখা যায়, দশ মাসের মধ্যে মে মাসে সবচেয়ে বেশি ৫১ জন এবং আগস্ট মাসে ৪৭ জন প্রাণ হারিয়েছেন।


উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছিলেন। সেই তুলনায় অক্টোবরে দুর্ঘটনা ও প্রাণহানি—দুটিই বেড়েছে।


সড়কে প্রাণহানি কমাতে চালকদের বেপরোয়া ও প্রতিযোগিতামূলক গাড়ি চালানো বন্ধ, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার নিশ্চিত এবং সড়কের ত্রুটি দ্রুত সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com