Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | ১১:৫০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কৃষি, শিক্ষা, যোগাযোগ ও সীমান্ত নিরাপত্তা নিয়ে জৈন্তাপুরে মতবিনিময়

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | ১১:৫০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:


সিলেটের জৈন্তাপুর উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। এ জন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন তিনি।


বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সভায় উপজেলার উন্নয়ন সম্ভাবনা ও বিদ্যমান সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আইনশৃঙ্খলা, পরিবেশ সংরক্ষণ ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতের সমস্যা তুলে ধরেন।


আলোচনায় শুষ্ক মৌসুমে কৃষকদের সেচসুবিধা নিশ্চিত করা, গ্রামীণ সড়কের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকসংকট নিরসন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়ানোর দাবি জানানো হয়। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণ, মহাসড়কে ধুলাবালি কমানো এবং পাহাড় ও কৃষিজমি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে বক্তারা পরিবেশ ও প্রচলিত আইন মেনে বন্ধ থাকা পাথর কোয়ারি ও বালুমহালগুলো বৈধ প্রক্রিয়ায় চালুর বিষয়টি সরকারের ঊর্ধ্বতন মহলে তুলে ধরার আহ্বান জানান।


জবাবে ইউএনও মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, জৈন্তাপুরের ১৭ পরগনার সামাজিক শৃঙ্খলা, মুরব্বিদের প্রতি সম্মান এবং সামাজিক সমস্যা সমাধানে পারস্পরিক পরামর্শের যে ঐতিহ্য রয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ঐতিহ্য থেকে অন্যদেরও শেখার সুযোগ রয়েছে।


তিনি বলেন, মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দেওয়া পরামর্শ এবং উপজেলার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গুরুত্বসহকারে নোট করেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় নিয়ে সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন।


সব সমস্যার সমাধান এককভাবে করা সম্ভব না হলেও সম্মিলিত প্রচেষ্টায় অনেক সমস্যার সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। এ জন্য স্থানীয় জনগণের সহযোগিতা, পরামর্শ ও অংশগ্রহণ প্রত্যাশা করেন ইউএনও। দায়িত্ব পালনে কোনো ভুল হলে তা ধরিয়ে দিয়ে সংশোধনের সুযোগ দেওয়ার আহ্বানও জানান তিনি।


ইউএনও আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে সরকারি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন এবং জৈন্তাপুরের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে কাজ করতে চান তিনি।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা সুলতানা, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান।


এ ছাড়া উপস্থিত ছিলেন ১৭ পরগনা শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, উপজেলা বিএনপির সহসভাপতি আবদুস শুক্কুর, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার বিলাল, সাবেক সভাপতি নুরুল ইসলাম এবং জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইমাম উদ্দিন।


সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com