সিলেট: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২৪৫টি ভারতীয় কম্বল ও একটি কাভার্ড ভ্যানসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সিরাজ উদ্দিন আহমদ একাডেমি ও সিরাজ কিন্ডারগার্টেন স্কুলের গেটের বিপরীত পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-অ-১১-৪৫২০ নম্বরের একটি কাভার্ড ভ্যান থেকে এসব কম্বল জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, কাভার্ড ভ্যানটিতে থাকা ২৫টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২৪৫টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের চুনারুঘাট থানার গাভীগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে আছকির মিয়া (৩৫) এবং একই গ্রামের জহুর আলীর ছেলে ও কাভার্ড ভ্যানের হেলপার মো. আরিফ হোসেন (২৫)।
এ ঘটনায় ৪ নভেম্বর ২০২৬ তারিখে মোগলাবাজার থানায় মামলা করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় দায়ের করা মামলাটিতে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।