Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি শীর্ষ সংবাদ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জোরদার হচ্ছে মনিটরিং, নির্মাণ হবে আধুনিক বিদ্যালয় ভবন: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

০৪ নভেম্বর ২০২৬ • ০৪:৫৬ অপরাহ্ন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়গুলোর কার্যক্রম তদারকি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও আধুনিক ভবন নির্মাণ এবং শিক্ষাক্রম পরিমার্জনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন মনিটরিং নীতিমালা প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি শিক্ষার্থীদের বয়স ও শেখার উপযোগিতা বিবেচনায় আরও বিজ্ঞানসম্মত, সহজবোধ্য ও কার্যকর শিক্ষাক্রম প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।


বুধবার (৪ নভেম্বর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) স্কুল ফিডিং কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, হবিগঞ্জের প্রাথমিক শিক্ষার অবস্থান দেশের মধ্যে সর্বনিম্ন—এমন ধারণা সঠিক নয়। তবে এ জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০০-এর বেশি শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টির কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করে তিনি মানসম্মত পাঠদান লক্ষ্য করেছেন বলেও জানান।


দেশব্যাপী স্কুল ফিডিং কর্মসূচি প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, সরকার ইতোমধ্যে এ কর্মসূচি চালু করেছে এবং আগামী বছরের মধ্যে দেশের সব বিদ্যালয়ে তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, ডব্লিউএফপি মাধবপুর উপজেলায় ১৫০টির বেশি বিদ্যালয়ে নিজস্ব ব্যবস্থাপনায় স্কুল ফিডিং কার্যক্রম পরিচালনা করছে। তাদের কর্মসূচির ইতিবাচক দিকগুলো অনুসরণ এবং সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে সরকারি কর্মসূচিকে আরও কার্যকর করার সুযোগ রয়েছে।


বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অনেক বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিয়ে অভিযোগ রয়েছে। এসব সমস্যা সমাধানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন মনিটরিং নীতিমালা প্রণয়নের কাজ করছে। চলতি মাসেই নীতিমালাটি মন্ত্রিসভায় উপস্থাপন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের অনেক প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ এবং অবকাঠামোগত নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে মডেল স্কুল প্রকল্প, পিডিবি-৫ ও জিপিএস প্রকল্পসহ কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের মূল লক্ষ্য শিক্ষার্থীদের জন্য নিরাপদ, আধুনিক ও কার্যকর বিদ্যালয় ভবন নিশ্চিত করা। এর মধ্যে দুটি প্রকল্প শিগগিরই চালু হতে যাচ্ছে এবং পিডিবি-৫ প্রকল্পটি ডিসেম্বরের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে।


নতুন শিক্ষাক্রম প্রণয়ন বিষয়ে প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের বয়স ও শেখার উপযোগিতা বিবেচনায় আরও উন্নত ও বিজ্ঞানসম্মত শিক্ষাক্রম তৈরির কাজ চলছে। এ দায়িত্ব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) দেওয়া হয়েছে। নতুন শিক্ষাক্রমে বিদ্যালয়ের এক শিফট ও দুই শিফটের কারণে পাঠদানের সময়ের বৈষম্য দূর করা, বিষয়ভিত্তিক শিক্ষা ও শিখনসামগ্রী সহজবোধ্য করা এবং নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।


পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য এস এম ফয়সল, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) হেড অব প্রোগ্রাম জেসি উড, স্কুল ফিডিং প্রোগ্রামের হেড এমা লেফু, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


পরে প্রতিমন্ত্রী উপজেলার জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com