পাঠ্যবইয়ের বাইরেও প্রতিভা বিকাশে প্রতিযোগিতার সুযোগ দিতে হবে: অধ্যাপক মুহিবুর রহমান
সিলেট: শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে সৃজনশীল ও শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। এর মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং ভবিষ্যতের জন্য যোগ্য করে গড়ে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন মুহিবুর রহমান একাডেমির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান।
তিনি বলেন, মুহিবুর রহমান একাডেমির শিক্ষার্থীরা আর্ট অ্যান্ড ক্রাফট প্রদর্শনীর মাধ্যমে গ্রামবাংলার জীবনচিত্র ও প্রাচীন ঐতিহ্য তুলে ধরেছে। তাদের এই উদ্যোগ প্রমাণ করে, শিক্ষার্থীরা নিজেদের গ্রামের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে যেমন লালন করে, তেমনি নিজেদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানকেও ধারণ করে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সিলেট নগরীর মুহিবুর রহমান একাডেমি আয়োজিত ‘আর্ট অ্যান্ড ক্রাফট প্রদর্শনী-২০২৬’-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুহিবুর রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের শিল্পকর্ম ও সৃজনশীল উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, তাদের প্রতিভা বিকাশে মুহিবুর রহমান একাডেমি এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।
একাডেমির কো-অর্ডিনেটর আব্দুস শহীদ চৌধুরী জিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিন, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ এবং সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ জুয়েল মিয়া।
প্রদর্শনীতে একাডেমির বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম, হাতে তৈরি কারুশিল্প এবং নানা ধরনের সৃজনশীল শিল্পকর্ম স্থান পায়। প্রতিটি শিল্পকর্মে শিক্ষার্থীদের কল্পনাশক্তি, উদ্ভাবনী চিন্তা, শৈল্পিক দক্ষতা ও সৃজনশীলতার প্রকাশ ঘটে। প্রদর্শনী ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত ২০ জন শিক্ষার্থী ও শিক্ষার্থী-দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—অষ্টম শ্রেণির বাংলা ভার্সনের জয়িতা আলম, রাবিয়া বিনতে হাসান ও নাফিসা চৌধুরী; চতুর্থ শ্রেণির বাংলা ভার্সনের মেহরুন জান্নাত ও আদিবা জান্নাত; দশম শ্রেণির শামস, ইশাম, আরিয়ান ও ইসান; কেজি-২-এর মিরহা হুসাইন মিরা।
এ ছাড়া তৃতীয় শ্রেণির ইংরেজি ভার্সনের রত্ন প্রসাদ দাস এবং বাংলা ভার্সনের মাহেরা ইসলাম ও আদিত্য রায়; প্রথম শ্রেণির ইংরেজি ভার্সনের মো. জিসান আহমেদ; চতুর্থ শ্রেণির ইংরেজি ভার্সনের আনা ইসলাম ও করিমা হোসাইন; ষষ্ঠ শ্রেণির ইংরেজি ভার্সনের রাবদিয়া রহমান রাহা এবং বাংলা ভার্সনের আদিল জাহান আবিদ; পঞ্চম শ্রেণির বাংলা ভার্সনের মাশিয়াত সারা এবং ইংরেজি ভার্সনের আলা আল দীন আফফান শান ও নুসাইবা হোসাইন; সপ্তম শ্রেণির ইংরেজি ভার্সনের এলিনা নুজহাত এবং অষ্টম শ্রেণির ইংরেজি ভার্সনের তাসনিম পুরস্কার লাভ করে।
উল্লেখ্য, প্রচলিত পাঠ্যক্রমভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক, সাংস্কৃতিক, সৃজনশীল ও মানবিক গুণাবলির বিকাশে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে মুহিবুর রহমান একাডেমি। আর্ট অ্যান্ড ক্রাফট প্রদর্শনী সেই কার্যক্রমেরই একটি অংশ।