Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

ওসমানীনগরে ভাতিজির সঙ্গে প্রেমের জেরে যুবক খুন, অভিযোগ প্রেমিকার বাবার বিরুদ্ধে

০৩ নভেম্বর ২০২৬ • ০৮:০৭ অপরাহ্ন

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি


সিলেটের ওসমানীনগরে ভাতিজির সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে সাইফুর রহমান (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকার বাবা সেজু আহমদের বিরুদ্ধে। সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের শেরপুর টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত সাইফুর রহমান সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের করম উদ্দিনের ছেলে।


পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সাইফুর রহমানের সঙ্গে তাঁর দূরসম্পর্কের ফুফাতো ভাই পশ্চিম পৈলনপুর ইউনিয়নের সেজু আহমদের ১৯ বছর বয়সী মেয়ের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। প্রায় চার মাস আগে ওই তরুণীকে নিয়ে পালিয়ে যান সাইফুর। বিষয়টি মেয়ের পরিবার মেনে নিতে পারেনি।


পরে দুই পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের মধ্যস্থতায় ওই তরুণীকে তাঁর বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ সময় মধ্যস্থতাকারীরা দুই পরিবারের মধ্যে এ নিয়ে আর কোনো বিরোধ না করার অনুরোধ জানান।


তবে সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষে একটি ফোনকল পেয়ে সাইফুর শেরপুর টোলপ্লাজা এলাকায় যান। সেখানে স্থানীয় লুৎফুর রহমানের মালিকানাধীন আফাজ ভ্যারাইটিজ স্টোরে বসে গল্প করছিলেন তিনি।


স্থানীয়দের দাবি, এ সময় তরুণীর বাবা সেজু আহমদ সেখানে গিয়ে ধারালো ছুরি দিয়ে সাইফুরকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহতের ভগ্নিপতি সরাজ মিয়া বলেন, সাইফুরের সঙ্গে সেজু আহমদের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। চার মাস আগে তাঁরা পালিয়ে যাওয়ার পর দুই পরিবারের মধ্যস্থতায় মেয়েটিকে তাঁর বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়। বিষয়টি মীমাংসার পরও সোমবার রাতে শেরপুর টোলপ্লাজায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে সাইফুরকে হত্যা করা হয়েছে।


ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


সূত্র: সিলেট টুডে ২৪।

বিজ্ঞাপন channeljaintanews24.com