আগামী জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি চান পোশাকশ্রমিক নেতারা
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ২০২৭ সালের জানুয়ারি মাসের বেতনের সঙ্গে কার্যকর করার দাবি জানিয়েছেন শ্রমিকনেতারা। এ জন্য মজুরি বোর্ডের কার্যক্রমে বিলম্ব না করে দ্রুত ধারাবাহিক বৈঠকের মাধ্যমে মজুরি নির্ধারণের আহ্বান জানিয়েছেন তাঁরা। প্রয়োজনে রাতভর বৈঠক করেও দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর দাবি জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।
সোমবার (২ নভেম্বর) সকালে রাজধানীর শ্রমভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিকনেতা বাবুল আক্তার।
তিনি বলেন, ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল। সে হিসাবে ২০২৬ সালের ডিসেম্বরে তিন বছর পূর্ণ হবে। তাই এবার যে মজুরিই নির্ধারণ করা হোক না কেন, তা যেন ২০২৭ সালের জানুয়ারি মাসের বেতনের সঙ্গে শ্রমিকেরা হাতে পান।
মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় কোনো ধরনের বিলম্ব না করার আহ্বান জানিয়ে বাবুল আক্তার বলেন, আগের মতো ১৫ দিন পরপর বৈঠক কিংবা কোনো প্রতিনিধি দেশে থাকবেন কি না—এ ধরনের অজুহাতে আলোচনা পিছিয়ে দেওয়া যাবে না। একটি বৈঠকের পর পরবর্তী বৈঠকের জন্য এক বা দুই দিন বিরতি দিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যেতে হবে। প্রয়োজনে সারারাত বৈঠক করেও দ্রুত মজুরি নির্ধারণ করতে হবে।
মজুরি বোর্ড গঠন প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বোর্ড গঠনের কথা থাকলেও বাস্তবে তা করতে অনেক দেরি হয়েছে। অন্যদিকে শ্রমিকদের আন্দোলন দমাতে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতা ও সাধারণ শ্রমিকদের গ্রেপ্তার করা হচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
গ্রেপ্তার শ্রমিকদের দ্রুত মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানান বাবুল আক্তার।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে কাজে ফিরে যেতে হবে। কোনো ধরনের ঘোষণা ছাড়া আন্দোলন-সংগ্রামে না জড়ানোর জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আনোয়ার হোসাইন। তিনি অবিলম্বে মজুরি বোর্ডের সভা আহ্বানের দাবি জানান। এ জন্য শ্রমিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে সোমবার অথবা মঙ্গলবার চিঠি দিয়ে সভা আহ্বানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিকনেতা নাজমা আক্তার, মোছা. সুলতানা বেগম, লাভলী ইয়াসমিন, খালিকুজ্জামান লিপু, সোহেল রানাসহ অন্য শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন