সিলেট :
সিলেটের দক্ষিণ সুরমায় বালুভর্তি ডাম্প ট্রাকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৯০ বোতল ভারতীয় তৈরি ফেয়ারডিল (ফেনসিডিল) উদ্ধার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে নম্বরপ্লেটবিহীন ডাম্প ট্রাকটিও জব্দ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন চকের বাজার এলাকায় সোহেল অটো রাইস মিলের সামনে চন্ডিপুল-জালালপুর সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সার্বিক দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ মামুন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান। এ সময় সন্দেহজনক একটি নম্বরপ্লেটবিহীন বালুভর্তি ডাম্প ট্রাকে তল্লাশি করা হলে বালুর ভেতরে লুকিয়ে রাখা ৪৯০ বোতল ভারতীয় তৈরি ফেয়ারডিল (ফেনসিডিল) পাওয়া যায়। পরে মাদকসহ ট্রাকটি জব্দ এবং ট্রাকে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মো. নজরুল ইসলাম (৩৪) এবং সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন রঙ্গিন টিলা এলাকার ছালিয়া পশ্চিমপাড়ার আসলাম আলীর ছেলে মাহবুব আলম (২১)।
পুলিশ জানায়, উদ্ধার করা ৪৯০ বোতল ফেনসিডিল ও ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বালুর আড়ালে বিপুল পরিমাণ মাদক পরিবহনের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক পাচার প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।