সিলেটে পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯), সিপিএসসি, সিলেট। গত ৩০ অক্টোবর পৃথক সময়ে পরিচালিত এসব অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের ৩১ অক্টোবর ২০২৬ তারিখের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ অক্টোবর আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে সিলেটের গোলাপগঞ্জ থানাধীন হেতিমগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-৯-এর একটি আভিযানিক দল। এ সময় গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের দক্ষিণভাগ তালিপাড়া এলাকার একটি বসতবাড়িতে কয়েকজন মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে বলে জানতে পারে দলটি।
পরে আনুমানিক দুপুর ২টা ৪৫ মিনিটে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন।
পরবর্তীতে তার দেখানো মতে বসতঘরের খাটের নিচে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে নীল পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম ফয়ছল আহমদ (২৭)। তিনি গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণভাগ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত সোনা মিয়া।
অন্যদিকে, একই দিন আনুমানিক বিকেল ৩টা ৫০ মিনিটে সিলেটের বিয়ানীবাজার থানাধীন দুবাগ ইউনিয়নের উত্তর দুবাগ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসআরবি-৯-এর আরেকটি আভিযানিক দল। এ সময় ৪ কেজি গাঁজাসহ সুহাদা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর দুবাগ এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মো. হাবিল মিয়া।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন, তারা সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়াসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের ও উদ্ধার করা আলামত সিলেট জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে।