Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ০১:৫০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শান্তিগঞ্জে গাগলী সুপার লীগের উদ্বোধন, প্রথম ম্যাচে ইয়ামিন চ্যালেঞ্জার্সের জয়

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ০১:৫০ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি:

‘আনন্দ আর কোলাহল, মাদক ছেড়ে খেলতে চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে চতুর্থবারের মতো শুরু হয়েছে গাগলী সুপার লীগ (জিএসএল)। মাসব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।


শনিবার (৩১ অক্টোবর) বিকেল ২টায় উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামের মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন।


প্রধান অতিথির বক্তব্যে আনছার উদ্দিন বলেন, সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। এমন সুন্দর আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।


তিনি আরও বলেন, ‘মাদককে না বলি, খেলাধুলায় মনোনিবেশ করি। যেখানে মাদকসেবী ও মাদক কারবারি থাকবে, সেখান থেকে মাদক নির্মূলে আমরা সবাই মিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করব।’ তিনি গাগলী সুপার লীগের পাশে থাকার আশ্বাস দিয়ে টুর্নামেন্টের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাগলী সুপার লীগের চেয়ারম্যান ডা. সৈকত দাশ, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংগঠক জিএম তাসজিদ, জেলা ক্রিকেট কোচ জাহাঙ্গীর আলম, যুক্তরাজ্য প্রবাসী শাহীয়ান ও জাহাঙ্গীর আলম, গাগলী গ্রামের প্রবীণ মুরব্বি আপ্তর আলী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক।


এ ছাড়া গাগলী সুপার লীগ পরিচালনা পরিষদের সদস্য শিক্ষক সুলেমান কবির, আবু তাহের ছনিসহ পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইয়ামিন চ্যালেঞ্জার্স ও আদিবা এন্ড ইহান এলিভেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রতিপক্ষকে ৪ উইকেটে পরাজিত করে জয় দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করে ইয়ামিন চ্যালেঞ্জার্স।


আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রিকেটের বিকাশ ও সম্প্রীতির বন্ধন জোরদারেও ভূমিকা রাখবে গাগলী সুপার লীগ।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০১.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com