২০২৭ সালের মধ্যে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: এম কয়ছর আহমদ
শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দ্বিতীয় ধাপের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে তথ্য সংগ্রহের পদ্ধতি, নীতিমালা ও দায়িত্ব পালনের বিষয়ে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণ শুরু হয়।
একই দিন বিকেল ২টায় প্রশিক্ষণার্থীদের মধ্যে ট্যাব বিতরণের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে এম কয়ছর আহমদ বলেন, বর্তমান সরকারের অন্যতম বড় কার্যক্রম হচ্ছে ফ্যামিলি কার্ড প্রকল্প। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এ প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। ফ্যামিলি কার্ড নিয়ে প্রথম দিকে কিছু মানুষ সমালোচনা করেছিলেন। কিন্তু আমাদের নেতা তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আজ তা বাস্তবে রূপ নিয়েছে।
তিনি আরও বলেন, ২০২৭ সালের মধ্যে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে। এ প্রকল্পের সফল বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই প্রশিক্ষণার্থীদের অত্যন্ত সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে সঠিক তথ্য সংগ্রহ এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।
এর আগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা ফ্যামিলি কার্ড প্রকল্পের সামগ্রিক ধারণা, প্রশিক্ষণের নীতিমালা ও উদ্দেশ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিন এবং পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মইনুউদ্দিন সোহেল, জেলা বিএনপির সদস্য নুর আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আকিকুর রহমান আকিক, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলীউল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবুল ও আবুল কাশেম নাইম।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মহির উদ্দিন, নুরুল ইসলাম, মোজাহিদ উদ্দিন, গোলাম রব্বানী ও জিয়াউল হক; পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুজেল আহমদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমদ ও যুগ্ম আহ্বায়ক সাইকুল ইসলাম, জয়কলস ইউনিয়ন বিএনপির সদস্য সিরাজ মিয়া, বিএনপি নেতা বাবুল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিলানী মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, উপজেলা যুবদল নেতা সৈয়দ আলম ও লিটন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা নাজির আবু বক্কর, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহ কার্যক্রম আরও সুশৃঙ্খল ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রস্তুত করা হচ্ছে।