আদালতের নিলামে কেনা ৫৮ শতক জমির দখল নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে ক্রেতার অভিযোগ
নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যাংকের ঋণ আদায়ের লক্ষ্যে আদালতের নির্দেশনায় প্রকাশ্য নিলামে কেনা ৫৮ শতক জমির মালিকানা ও শান্তিপূর্ণ ভোগদখল নিয়ে জটিলতার অভিযোগ উঠেছে। আদালতের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে সম্পত্তি ক্রয় এবং পরবর্তী সময়ে সরকারি নিয়ম মেনে নামজারি সম্পন্ন করার পরও জমিটির শান্তিপূর্ণ দখল ও স্বাভাবিক কার্যক্রম নিয়ে সমস্যায় পড়েছেন বলে অভিযোগ করেছেন ক্রেতা শেখ আহমদ আফজাল।
শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে শেখ আহমদ আফজাল জানান, শ্রীমঙ্গল উপজেলার মেসার্স স্মার্ট ফিলিং স্টেশনের বিপরীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পাওনা অর্থ আদায়ের লক্ষ্যে মৌলভীবাজার অর্থঋণ আদালতে অর্থঋণ জারি মামলা দায়ের করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে আদালতের আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট সম্পত্তির ওপর প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়।
তিনি দাবি করেন, নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে অংশ নিয়ে সম্পত্তিটি ক্রয় করেন। পরবর্তী সময়ে ২০২৩ সালের ১৮ মে মৌলভীবাজারের বিজ্ঞ অর্থঋণ আদালত তাঁর অনুকূলে সম্পত্তির মালিকানা নিশ্চিতকরণসংক্রান্ত আদেশ দেন। একই সঙ্গে ৬০৩৬/২৩ নম্বর দলিল সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধনের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্য অনুযায়ী, নিলামে বিক্রি হওয়া সম্পত্তিটি শ্রীমঙ্গল উপজেলার আলীশারকুল মৌজার জেএল নম্বর ৪৮, আরএস খতিয়ান নম্বর ১৪১৪ এবং দাগ নম্বর ১৭৮৬-এর অন্তর্ভুক্ত ৫৮ শতক জমি। নিলামসংক্রান্ত অন্যান্য প্রক্রিয়াও আইনানুগভাবে সম্পন্ন করার পাশাপাশি সরকারি নিয়ম মেনে নামজারি করেছেন বলে জানান তিনি।
তবে শেখ আহমদ আফজালের অভিযোগ, আদালতের মাধ্যমে সম্পত্তি ক্রয় এবং মালিকানাসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও বর্তমানে জমিটির শান্তিপূর্ণ ভোগদখল ও স্বাভাবিক কার্যক্রম নিয়ে নানা জটিলতা তৈরি হচ্ছে। এতে তিনি উদ্বেগের মধ্যে রয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো অবৈধ উপায় বা প্রভাব খাটিয়ে নয়, দেশের প্রচলিত আইন এবং আদালতের প্রকাশ্য নিলাম প্রক্রিয়ায় সর্বোচ্চ দরদাতা হিসেবে স্বচ্ছতার সঙ্গে সম্পত্তিটি ক্রয় করেছেন। আদালতের আদেশ এবং সরকারি ভূমি অফিসের মাধ্যমে মালিকানাসংক্রান্ত আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেছেন।
তিনি এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচার না করে প্রকৃত ঘটনা যাচাইয়ের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি নিজের আইনগত অধিকার ও সম্পত্তির শান্তিপূর্ণ ভোগদখল বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে শেখ আহমদ আফজাল তাঁর বক্তব্যের পক্ষে আদালতের আদেশ, নিলাম ও নামজারিসংক্রান্ত কাগজপত্র থাকার কথা উল্লেখ করেন।