Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি অনলাইন ডেস্ক রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য, চার প্রতিষ্ঠানকে জরিমানা

০১ নভেম্বর ২০২৬ • ১২:১৯ পূর্বাহ্ন

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ উপজেলার বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত মূল্য আদায় ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ। এ সময় জকিগঞ্জ থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ১২ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, বাজারমূল্যের চেয়ে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত করার অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে সংশ্লিষ্ট চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।


ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৫১ ধারায় চারটি পৃথক মামলায় প্রতিষ্ঠানগুলোকে যথাক্রমে ৭ হাজার, ৪ হাজার, ১০ হাজার ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ব্যবসায়িক অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা, ভোক্তাদের প্রতারণার হাত থেকে রক্ষা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com