Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ০৬:১৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ০৬:১৪ অপরাহ্ন

 সিলেট:

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর মোট ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হারে এগিয়ে রয়েছে। তবে বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে ভালো করেছে।


শনিবার (৩১ অক্টোবর) সিলেট শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।


বোর্ডের ফলাফল বিবরণী অনুযায়ী, এ বছর এইচএসসি পরীক্ষায় মোট ৭২ হাজার ৯৫৫ জন পরীক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭১ হাজার ৮৯৩ জন। উত্তীর্ণ হয়েছে ৩৬ হাজার ৫৯৭ জন। পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ।


গত বছর ২০২৫ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬০২ জন। সেই হিসাবে এবার পাসের হার কমেছে দশমিক ৯৬ শতাংশ পয়েন্ট। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও কমেছে ৩৯৮ জন।


এবারের ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হারে এগিয়ে রয়েছে। ২৮ হাজার ৯৩৫ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৪ হাজার ৯৬ জন। তাদের পাসের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ। অন্যদিকে, ৪২ হাজার ৯৫৮ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ২২ হাজার ৫০১ জন। ছাত্রীদের পাসের হার ৫২ দশমিক ৩৮ শতাংশ।


তবে জিপিএ-৫ অর্জনে ছাত্ররা সামান্য এগিয়ে রয়েছে। এ বছর ৬১৩ জন ছাত্র এবং ৫৯১ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।


বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৬৮ দশমিক ৫৪ শতাংশ। এ বিভাগে ১৪ হাজার ৩৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯ হাজার ৮৩৮ জন।


মানবিক বিভাগে ৪৯ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২২ হাজার ৮৪৮ জন। এ বিভাগে পাসের হার ৪৬ দশমিক ২৯ শতাংশ। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৯১১ জন। এ বিভাগে পাসের হার ৪৭ দশমিক ৮১ শতাংশ।


সামগ্রিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গত বছরের তুলনায় এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। তবে পাসের হারে মেয়েদের এগিয়ে থাকা এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তুলনামূলক ভালো ফলাফল এবারের পরীক্ষার উল্লেখযোগ্য দিক।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
৩১.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com