Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সারাদেশে রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
ঠাকুরগাঁও-১ আসনে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে জয়; ধানের শীষে ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট, পাঁচ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা

বিপুল জয়ে কৃতজ্ঞ ফয়সল আমিন, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কাজের অঙ্গীকার

৩০ অক্টোবর ২০২৬ • ০৪:৫৩ অপরাহ্ন

ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর ভোটার ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। একই সঙ্গে মানুষের বিশ্বাসের মর্যাদা রক্ষা, সুখে-দুঃখে পাশে থাকা এবং ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নির্বাচনে সহযোগিতাকারী ভোটার, শুভাকাঙ্ক্ষী ও দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান মির্জা ফয়সল আমিন।


ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহর।’ বিজয়ের পেছনে মানুষের ভালোবাসা, মায়েদের দোয়া, ভাইদের সমর্থন, বোনদের শুভকামনা এবং দলের সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তিনি।


তিনি আরও লেখেন, বিজয়ের আনন্দের চেয়েও বড় হলো মানুষের বিশ্বাসের মর্যাদা রাখা। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, তাদের প্রত্যাশা পূরণ এবং ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কাজ করাই হবে তাঁর প্রধান অঙ্গীকার।


নিজের অনুভূতি প্রকাশ করে ফয়সল আমিন বলেন, ‘আপনাদের ভালোবাসা আমার প্রেরণা, আপনাদের বিশ্বাস আমার শক্তি, আর ঠাকুরগাঁও আমার হৃদয়ের ঠিকানা।’


পোস্টের শেষাংশে সবার দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি লেখেন, ‘সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব, ইনশাআল্লাহ।’


নির্বাচনের ফলাফল


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। সব কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির মির্জা ফয়সল আমিন বিপুল ভোটে বিজয়ী হন।


ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন ১১-দলীয় জোটের সমর্থনে দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৩৩৬।


এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৯১ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৭৮৮ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৪৭৭ ভোট।


উপনির্বাচনে আসনটির মোট ভোটার ছিলেন ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্যে ভোটের হার ৬৪ দশমিক ৭৭ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।


উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনটি সদর, রুহিয়া ও ভুল্লী এলাকা নিয়ে গঠিত। আসনটির আগের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়। পরে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com