ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক ও জগন্নাথপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ইউনিয়ন পরিষদগুলোর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নিয়মিত প্রশাসনিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়কে নিয়োগের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়ন পরিষদে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিলন মিয়া এবং সিংচাপইড় ইউনিয়ন পরিষদে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেবকে প্রশাসক হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১৮ ধারার উপধারা (১) অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পরিষদের নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক নিয়োগের এ অনুমোদন দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, প্রশাসক ও সদস্যরা নিয়োগের তারিখ থেকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৪-এর ১৮(১) ধারা অনুযায়ী সর্বোচ্চ ১২০ দিন দায়িত্ব পালন করতে পারবেন। তবে দৈব-দুর্বিপাক, অতিমারি বা মহামারির মতো পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে নির্বাচিত পরিষদ গঠন সম্ভব না হলে যথাযথ কারণ উল্লেখ করে সরকারের অনুমতি নিয়ে মেয়াদ বাড়ানো যাবে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিফুল ইসলামের স্বাক্ষরে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
নতুন প্রশাসক নিয়োগের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ তিনটি ইউনিয়ন পরিষদের নিয়মিত প্রশাসনিক কার্যক্রম ও জনসেবা অব্যাহত রাখার ব্যবস্থা করা হয়েছে।