সীমান্ত হত্যা, পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিজিবির সভা
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সীমান্ত হত্যা, পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতনতা বাড়ানো এবং স্থানীয় জনগণের সহযোগিতা চেয়ে সচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৮ ব্যাটালিয়ন।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ, কোম্পানি কমান্ডার আবদুর রহিম, এসআইপি সদস্য নায়েক সুমন ও সিপাহী কাওসার উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ, জাকির হোসেন ও ইউপি সদস্য নুরুল ইসলামসহ অন্যরা।
সভায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সীমান্ত এলাকায় সন্দেহজনক কোনো ব্যক্তি বা তৎপরতা নজরে এলে দ্রুত বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।
বক্তারা সীমান্ত হত্যা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত পরিবেশ বজায় রাখতে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সভায় বিজিবি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়ে সভা শেষ হয়।