Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
ঘাটেরচটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ রঙিন করার উদ্যোগ, জামিয়া রাহমানিয়া মাদ্রাসার নতুন ভবনের জন্য ঢেউটিন কিনতে অনুদান

চিকনাগুল ইউনিয়েনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সাজাবেন জাহাঙ্গীর, মাদ্রাসায় মুন্নার অনুদান

২৯ অক্টোবর ২০২৬ • ০৯:৫৯ অপরাহ্ন

জৈন্তাপুর:

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সুন্দর করতে এগিয়ে এসেছেন সমাজসেবক ও ৬ নম্বর চিকনাগুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম এবং তাঁর ছোট ভাই লন্ডনপ্রবাসী জাকির আলম মুন্না। তাঁদের উদ্যোগ ও সহযোগিতায় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমে নতুন আশার সঞ্চার হয়েছে।


ঘাটেরচটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলো রঙিন ও নান্দনিক করে শিশুদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে যাবতীয় ব্যয়ভার বহনের আশ্বাস দিয়েছেন জাহাঙ্গীর আলম। প্রায় শতাধিক শিশুর এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০০০ সাল থেকে নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টি স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ার পাশাপাশি দুর্যোগকালীন সময়ে এলাকার মানুষের অন্যতম আশ্রয়কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নে সম্প্রতি গঠিত উন্নয়ন কমিটি কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে শ্রেণিকক্ষ সৌন্দর্যবর্ধনের কাজের শুভসূচনা হয়। শিশুদের জন্য পরিচ্ছন্ন, আকর্ষণীয় ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির এ উদ্যোগকে আগামীর প্রতি বিনিয়োগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


অন্যদিকে, মরহুম শেখ আব্দুর রহমান (শায়খে চারখাই রহ.)-এর স্মৃতিবিজড়িত পশ্চিম ঠাকুরের মাটি, চিকনাগুলের জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের কাজ এগিয়ে নিতে সহযোগিতার হাত বাড়িয়েছেন জাহাঙ্গীর আলমের ছোট ভাই লন্ডনপ্রবাসী জাকির আলম মুন্না। ভবনের জন্য ঢেউটিন কেনার উদ্দেশ্যে তিনি ৩০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।


মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন মাদ্রাসা পরিচালনা কমিটি ও এলাকাবাসী। এ সহযোগিতার জন্য তাঁরা জাকির আলম মুন্নার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়েছেন।


স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী। তাঁদের মতে, সমাজের বিত্তবান, প্রবাসী ও সচেতন ব্যক্তিরা এগিয়ে এলে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করার পাশাপাশি শিশুদের মানসম্মত শিক্ষার সুযোগও বাড়বে।


সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এভাবে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ঘাটেরচটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এ দুই মহতী উদ্যোগের জন্য জাহাঙ্গীর আলম ও জাকির আলম মুন্নার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁরা মহান আল্লাহর কাছে তাঁদের উদ্যোগ কবুল, উত্তম প্রতিদান এবং শিক্ষাপ্রতিষ্ঠান দুটিকে জ্ঞান ও সম্ভাবনার আলোকবর্তিকা হিসেবে গড়ে ওঠার তৌফিক কামনা করেছেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com