দেশের বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ
ঢাকা:
দেশের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান, অধ্যক্ষ, সুপার, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। অধিদপ্তরের পরিচালক (পিআইইউ) প্রকৌশলী মো. মাকসুদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা, ২০০৯ (এসআরও নং-২৬৭/আইন/২০০৯) অনুযায়ী পুনর্গঠন করতে হবে। এ জন্য দ্রুত অ্যাডহক কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট স্মারক ও নির্দেশনা অনুসরণ করতে হবে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের এ নির্দেশনা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্তরের বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠানপ্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া নির্দেশনার অনুলিপি সদয় অবগতির জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সব বিভাগীয় কমিশনার, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয়, সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।