Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১২:১৯ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জামালগঞ্জে অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা, সিসি ক্যামেরা সচল ও টহল জোরদারের সিদ্ধান্ত

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১২:১৯ পূর্বাহ্ন

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পুলিশি টহল জোরদার, পুরোনো সিসি ক্যামেরা সচল এবং প্রয়োজন অনুযায়ী নতুন সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে অনলাইন জুয়া, ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে।


সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।


সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বিত কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।


সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফাইজুর রহমান (ফয়েজ), জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী, উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ।


এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ শফিকুর রহমান, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য শাহ মোহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হাবিবুর রহমান, সমাজকর্মী আব্দুর রব, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু এবং জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলমসহ অন্যরা।


বক্তারা বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ প্রতিরোধে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল জোরদার, পুরোনো সিসি ক্যামেরা সচল করা এবং প্রয়োজন অনুযায়ী নতুন সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। পাশাপাশি অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।


সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শামসুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগার আলী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র চন্দ্র পাল, জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, ভীমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৌফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য কামরুন্নাহার, জামালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, মুক্তিযোদ্ধা কাদির সরকার এবং পূজা উদ্‌যাপন ফ্রন্টের সদস্য সচিব পীযূষ কান্তি তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা।


সভাপতির বক্তব্যে ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


সভা শেষে একই স্থানে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে জামালগঞ্জ উপজেলার ৫৫টি পূজামণ্ডপের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বাল্যবিবাহ ও খাদ্যে ভেজালবিরোধী সচেতনতামূলক সভাও অনুষ্ঠিত হয়।


অপরদিকে, একই দিন বেলা ৩টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ বাস্তবায়ন-সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৮.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com