Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১; আহত ৫, গ্রেপ্তার ১

২৭ অক্টোবর ২০২৬ • ০৯:২০ অপরাহ্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মতিউর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় কাশেম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের ছুলপির আঘাতে মতিউর রহমান গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত পাঁচজন আহত হন।


পরে স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত অন্য ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন জানান, সংঘর্ষে মতিউর রহমান নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যাকাণ্ডের অভিযোগে কাশেম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।


এদিকে, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় পীরেরগাঁও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com