Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
পুলিশের ওপর ১০ মাসে ১৭৬ হামলা, নিহত ৪ সদস্য: সদর দপ্তর

ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

২৭ অক্টোবর ২০২৬ • ১২:৪৪ পূর্বাহ্ন

ঢাকা:

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে আইজিপি ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেছেন; বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে তিনি শব্দটি বলেননি বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপির বক্তব্য নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও শিরোনামের পরিপ্রেক্ষিতে এক স্পষ্টীকরণে এ কথা জানানো হয়। জনমনে বিভ্রান্তি নিরসনে এই ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। 

পুলিশ সদর দপ্তরের বক্তব্য অনুযায়ী, মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে পুলিশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আইজিপি।

স্পষ্টীকরণে বলা হয়, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, জনশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের অন্যতম মৌলিক দায়িত্ব। এসব দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের কখনো অপরাধী, সংঘবদ্ধ হামলাকারী ও আইন অমান্যকারীদের সরাসরি প্রতিরোধ এবং আক্রমণের মুখে পড়তে হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, চলতি বছরের প্রথম ১০ মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধী গ্রেপ্তার ও সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় চারজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন।

এ ছাড়া দণ্ডবিধি-১৮৬০, ফৌজদারি কার্যবিধি-১৮৯৮ ও পুলিশ অ্যাক্ট-১৮৬১-সহ দেশের প্রচলিত আইনে পুলিশের আত্মরক্ষার অধিকারের বিধান রয়েছে বলে স্পষ্টীকরণে উল্লেখ করা হয়।

সাংবাদিকদের নিয়ে মন্তব্যও অসাবধানতাবশত

একই অনুষ্ঠানে সাংবাদিকদের সম্পর্কে আইজিপির মন্তব্য নিয়েও ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। এ বিষয়ে বলা হয়েছে, তিনি সাংবাদিকদের সম্পর্কে ঢালাও কোনো মন্তব্য করতে চাননি; মন্তব্যটি অসাবধানতাবশত হয়েছে।

এর আগে অনুষ্ঠানে আইজিপি বলেছিলেন, পুলিশ কঠোর ব্যবস্থা নিলে তাদের ‘ফ্যাসিস্ট পুলিশ’ বলা হয়, আর নীরব থাকলে ‘দুর্বল পুলিশ’ বলা হয়। দায়িত্ব পালনের জন্য পুলিশকে কাজের পরিবেশ ও ক্ষমতায়ন দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করার কথাও বলেছিলেন আইজিপি।

তাঁর ওই বক্তব্যের পর হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) উদ্বেগ ও নিন্দা জানিয়ে সরকারের কাছে বক্তব্যের ব্যাখ্যা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানায়। অন্যদিকে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বক্তব্যের নিন্দা জানিয়ে তা প্রত্যাহার ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানায়।

পুলিশ সদর দপ্তর বলেছে, মানবাধিকার সমুন্নত রেখে জনগণের জানমালের সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।


বিজ্ঞাপন channeljaintanews24.com