গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংগঠন পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশ
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাটের (পুসাগ) উদ্যোগে নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট নগরের পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে ‘নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান–২০২৬’ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুসাগের সভাপতি রুবেল আহমদ (রাহী)। সংগঠনের সেক্রেটারি ফখরুজ্জামান ফলিক ও সাংগঠনিক সম্পাদক তাহেরা আফরিন যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের সাবেক মহাপরিচালক ও ঢাকা কর অঞ্চল-০৮-এর কর কমিশনার মোহাম্মদ আবদুর রকিব।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবদুর রকিব বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোয়াইনঘাটের শিক্ষার্থীরা এলাকার আলো ও ভবিষ্যৎ। মেধা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলে দেশ ও সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শিক্ষাজীবন শেষে কর্মক্ষেত্রে প্রবেশের পাশাপাশি নিজ এলাকার উন্নয়নেও নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জিল্লুর রহমান, সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আইপিই বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আব্দুছ ছামাদ এবং দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আতাউর রহমান।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইদুল হক, সোনালী ব্যাংক পিএলসির শাবিপ্রবি শাখার ব্যবস্থাপক ফারুক আহমদ, এনবিআরের রাজস্ব কর্মকর্তা তমাল কান্ত দে, পূবালী ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার নাজমুল হক চৌধুরী, ইউল্যাবের সহকারী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ইনস্ট্রাক্টর কামরান আহমদ, সিলেট সরকারি মহিলা কলেজের প্রভাষক সিরাজ উদ্দিন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক মহিউদ্দিন আরিফ, সহকারী কমিশনার আব্দুর রউফ কাজল, ইঞ্জিনিয়ার সম্রাট তারেক আহমদ এবং পুসাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি সদর উদ্দিন।
আলোচনা সভা শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় সংগঠনের বিশেষ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে পুসাগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, নবীনদের উৎসাহিত করা এবং শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতনতা তৈরিতে এ আয়োজন ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।