Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | ০৩:৪৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত, ফিরেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | ০৩:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

টানা পাঁচ দিনের ছুটি শেষে আবারও খুলেছে দেশের সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক। একই সঙ্গে অবকাশকালীন ছুটি শেষে স্বাভাবিক বিচারিক কার্যক্রমে ফিরেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। রোববার (২৫ অক্টোবর) থেকে কর্মচাঞ্চল্য ফিরেছে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে।


বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, দুর্গাপূজা উপলক্ষে গত ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ছিল। এর মধ্যে ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়।


এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস টানা পাঁচ দিন বন্ধ ছিল।


ছুটি শেষে রোববার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বাভাবিক কর্মচাঞ্চল্য দেখা যায়। সচিবালয়েও সকাল থেকেই বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি বাড়ে। সচিবালয়ের ফটকে দর্শনার্থীদের ভিড়ও দেখা গেছে।


এদিকে অবকাশকালীন ছুটি শেষে রোববার থেকে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অবকাশ ও সরকারি ছুটির কারণে আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।


নিয়মিত বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্টে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫৭টি বেঞ্চ গঠন করেছেন।


দীর্ঘ ছুটির পর অফিস-আদালত খুলে যাওয়ায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিচারাঙ্গনে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৫.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com