Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | ১২:৪৩ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি: আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার, ২ দিনের রিমান্ড

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | ১২:৪৩ পূর্বাহ্ন

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জে দুই সহোদর ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য এবং তাঁর বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৯ অক্টোবর দিবাগত গভীর রাতে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল অবসরপ্রাপ্ত শিক্ষক জামাল উদ্দিন মাস্টার ও তাঁর ভাই ব্যবসায়ী শামীম আহমদের বাড়িতে হানা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতেরা প্রথমে জামাল উদ্দিনের ঘরে ঢুকে সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা লুট করে। পরে তারা তাঁর ভাই শামীম আহমদের ঘরে প্রবেশ করে লুটপাট চালায়। এ সময় বাধা দিতে গেলে শামীম আহমদকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাঁর ঘর থেকেও প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে বলে জানা গেছে।

গুরুতর আহত শামীম আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। ঘটনার পর তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন স্বজনেরা।

শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ও তাঁর দিকনির্দেশনায় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাজলসার ইউনিয়নের গোটারগ্রামে অভিযান চালায়। বৃহস্পতিবার রাতে আলী হোসেনের শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আলী হোসেন জকিগঞ্জ উপজেলার আটগ্রামের হাড়িকান্দি গ্রামের সাবু মিয়ার ছেলে। উত্তরকুলের ডাকাতির ঘটনায় তাঁকে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে বলেও দাবি পুলিশের।

পরে তাঁকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

সিসিটিভি ফুটেজ সংগ্রহ, এলাকায় আতঙ্ক

ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশ ঘটনাস্থলসংলগ্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, গভীর রাতে একসঙ্গে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনায় উত্তরকুল গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত ডাকাত দলের সব সদস্যকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৪.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com