Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে বাঁশতলা বিওপির অভিযানে আটক; থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে

সুনামগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩, পালালেন চক্রের আরও ২ সদস্য

২৩ অক্টোবর ২০২৬ • ০২:২৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক কথিত মানব পাচারকারীসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মানব পাচারকারী চক্রের আরও দুই সদস্য পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।


বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে দোয়ারাবাজার উপজেলার আরমানছড়া সীমান্ত এলাকায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধীন বাঁশতলা বিওপির টহল দল তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে মো. আমির (২২), যশোরের ঝিকরগাছা উপজেলার লিংকন নগর গ্রামের মো. আবুল হোসেন (৪২) এবং বেনাপোল এলাকার ফাতেমা বেগম (১৮)।


বিজিবি সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা মো. আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালদের কাছে পৌঁছে দেওয়ার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিনও তিনি আবুল হোসেন ও ফাতেমাকে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে পাঠানোর চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুই ব্যক্তি পালিয়ে গেছেন। তাঁরা হলেন দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে অনিক মিয়া (২৪) এবং একই গ্রামের নওশা খাঁর ছেলে মো. আলাউদ্দিন (৫৪)।

বিজিবি জানায়, আটক আবুল হোসেন ও ফাতেমা বেগমের ভারতে আত্মীয়স্বজন থাকায় তাঁরা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। তাঁদের সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে আমিরকে আটক করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক মো. আমির, আবুল হোসেন ও ফাতেমা বেগমকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে, পালিয়ে যাওয়া অপর দুই ব্যক্তিকে আটক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com