জৈন্তাপুরে ২১ পূজামণ্ডপে দুর্গোৎসব, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিতে মাঠে ইউএনও সুনন্দা রায়
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
ঢাকের বাদ্য, পূজার্চনা আর ভক্ত-দর্শনার্থীদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে সিলেটের জৈন্তাপুর উপজেলা। উপজেলার ছয়টি ইউনিয়নের ২১টি পূজামণ্ডপে চলছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবের আনন্দ নির্বিঘ্ন রাখা, ধর্মীয় সম্প্রীতি অটুট রাখা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। পরিদর্শনকালে ইউএনও পূজামণ্ডপগুলোর পরিবেশ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পরিদর্শন বইয়ে স্বাক্ষর এবং পূজারি ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর জৈন্তাপুরের ছয়টি ইউনিয়নে মোট ২১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে নিজপাট ইউনিয়নে চারটি, জৈন্তাপুর ইউনিয়নে চারটি, চারিকাটা ইউনিয়নে চারটি, দরবস্ত ইউনিয়নে একটি, ফতেপুর ইউনিয়নে একটি এবং চিকনাগুল ইউনিয়নে সাতটি পূজামণ্ডপ রয়েছে।
পাঁচ দিনব্যাপী এ উৎসব গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।
সোমবার সকালে ইউএনও সুনন্দা রায় প্রথমে নিজপাট এলাকার শ্রী শ্রী কালিবাড়ী পূজামণ্ডপ পরিদর্শন করেন। এরপর ঘিলাতৈল এলাকার শ্রী শ্রী মহাদেব বাড়ী পূজামণ্ডপ এবং শ্রীপুর চা বাগানের শ্রী শ্রী দুর্গা মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন। দিনের পরবর্তী সময়ে তিনি কেন্দ্রি কেন্দ্রী হাওড় সার্বজনীন পূজামণ্ডপে যান।
বিকেল সাড়ে ৫টার দিকে ওই পূজামণ্ডপে উপস্থিত হয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ইউএনও। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত পূজারি ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল আহাদ, স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম, শ্রী ধন নমসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা।
দুর্গোৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দমুখর রাখতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তুতি। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পূজামণ্ডপ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজা উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন ইউএনও সুনন্দা রায়।
সভায় প্রশাসন, পুলিশ, বিজিবি, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।
সার্বিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্য দিয়ে জৈন্তাপুরের ২১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হচ্ছে। উৎসবকে ঘিরে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজারি ও দর্শনার্থীদের নির্বিঘ্নে পূজামণ্ডপে যাতায়াতের পরিবেশ নিশ্চিত করাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।